তৃণমূলে যোগ দিতে ‘টোপ’ বিজেপি নেতাকে! অডিও ক্লিপিংস সামনে আনার চ্যালেঞ্জ
তৃণমূল কংগ্রেসে যোগ দিতে টাকার টোপ দেওয়া হচ্ছে বলে এবার অভিযোগ করল বিজেপি। এর আগে একাধিকবার এই অভিযোগ করেছে কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসে যোগ দিতে টাকার টোপ দেওয়া হচ্ছে বলে এবার অভিযোগ করল বিজেপি। এর আগে একাধিকবার এই অভিযোগ করেছে কংগ্রেস। কিন্তু আদতে সেই অভিযোগ ধোপে টেকেনি। একঝাঁক কংগ্রেস বিধায়ক থেকে শুরু করে নেতা-নেত্রীরা তৃণমূলে যোগ দিয়েছেন। এবার তৃণমূলের বিরুদ্ধে একই অভিযোগের তির হানল বিজেপিও।

বিজেপির অভিযোগ, তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাঁদের নেতাকে টোপ দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারের বিজেপি নেতা জন বারলাকে আর্থিক টোপ দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। তিনি দাবি করেন, হুমকি ও আর্থিক টোপের ভয়েস রেকর্ড তাঁদের কাছে আছে। সঠিক সময়েই তা প্রকাশ্যে আনা হবে।
বিজেপির দাবি, সম্প্রতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আদিবাসী উন্নয়ন কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তার আগে একজন পুলিশ আধিকারিককে দিয়ে টোপ দেওয়া হয়েছিল বিজেপি নেতা জন বারলাকে। তাঁকেও টোপ দেওয়া হয় আদিবাসী উন্নয়ন কমিটির চেয়ারম্যান করার। সেইসঙ্গে আর্থিক টোপ, নিরাপত্তারক্ষী ও প্রভুত ক্ষমতার লোভও দেখানো হয় বলে বিজেপির দাবি।
অভিযোগ, পুলিশ আধিকারিক তাঁকে তৃণমূল কংগ্রেস সভাপতি মোহন শর্মার সঙ্গে বৈঠক করার কথাও বলেন। বিজেপি জেলা সভাপতি বলেন, আমাদের নেতা-কর্মীরা তৃণমূলের এই ফাঁদে পা দেয়নি। তার কারণ তাঁরা নীতি-আদর্শে বিশ্বাসী। আমাদের নেতারা সেই অডিও ক্লিপিংস দলের হাতে তুলে দিয়েছে। আমরা সেসব সংবাদমাধ্যমের সামনে আনব। এই ঘটনায় তৃণমূল জেলা সভাপতি পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন, এসব অভিযোগ ভিত্তিহীন। প্রমাণ থাকলে তা সামনে আনুন।












Click it and Unblock the Notifications