বাংলায় আসন হারাবে বিজেপি! ২০২৪-এর লক্ষে কংগ্রেসের ভবিষ্যত কার্যত ঠিক করে ফেলল তৃণমূল
ইন্ডিয়া ব্লকের সমন্বয় কমিটির প্রথম বৈঠক হয়ে গিয়েছে। এবার রাজ্যে রাজ্যে আসন রফার ফর্মুলা নিয়ে আলোচনা হওয়ার কথা। শুধু তাই নয়, আসন রফা ফর্মুলা নিয়ে আলোচনা অক্টোবরের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এরই মধ্যে তৃণমূল কংগ্রেসও পশ্চিমবঙ্গের ইন্ডিয়া জোট নিয়ে কার্যত নিজেদের অবস্থান চূড়ান্ত করে ফেলেছে।
আসন রফা নিয়ে এগিয়ে যেতে ইন্ডিয়া ব্লকের তরফে বিভিন্ন রাজ্যকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে জোটের নেতারা বলছেন ৫৪৩ টি আসনের মধ্যে অন্তত ২৫০টি আসনে রফা নিয়ে কোনও সমস্যা হওয়ার কথাই নয়।

পাঁচটি ভাগে রাজ্যগুলিকে ভাগ করার প্রথম ভাগে রয়েছে জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র, তামিলনাড়ু, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড ও বিহার। এই রাজ্যগুলিতে জোট আগে থেকেই রয়েছে। তাদের মধ্যে আলোচনার পরে আর সমস্যা থাকার কথাই নয়।
দ্বিতীয়ভাগে রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্নাটক, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ। এই রাজ্যগুলিতে হয় কংগ্রেস ক্ষমতায় না হলে তারা বিরোধী আসনে রয়েছে সব থেকে বড় শক্তি হিসেবে। ফলে এইসব রাজ্যে কংগ্রেসকে সামনে রেখেই ইন্ডিয়া ব্লক লড়াই করবে।
তৃতীয়ভাগে রাখা হয়েছে, কেরলকে। যেখানে কোনও রফাই কার্যকর হবে না। কারণ সেখানে ক্ষমতায় সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফ এবং বিরোধী আসনে রয়েছে কংগ্রেস।
চতুর্থভাগে রয়েছে, পশ্চিমবঙ্গ, পঞ্জাব, দিল্লি, গুজরাত, উত্তর প্রদেশ ও গোয়া। এর মধ্যে দিল্লি ও পঞ্জাব মিলিয়ে ২০ টি আসন এবং পশ্চিমবঙ্গের ৪২ টি আসন নিয়ে যত লড়াই ইন্ডিয়ার অন্দরে।
পঞ্চমভাগে রয়েছে উত্তর-পূর্বের রাজ্যগুলি। যেখানে আসন রফার বিষয়টি একেবারে শেষে দেখা হবে।
তৃণমূল সূত্রে খবর, তারা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছে, পশ্চিমবঙ্গে কংগ্রেস কাকে বন্ধু হিসেবে বাছবে সেটা তাদের ওপরে নির্ভর করবে। তা সম্ভাব্য ৩০ টি আসনে জয়ী হওয়া তৃণমূলের সঙ্গে থাকবে, নাকি কিছু না পাওয়া বামেদের সঙ্গে থাকতে তা তাদেরকেই ঠিক করে নিতে হবে। উল্লেখ্য তৃণমূলের দাবি ২০২৪-এর নির্বাচনে তারা বাংলা থেকে অন্তত ৩০ টি আসনে জয়ী হবে।
তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে, কংগ্রেস যদি মনে করে তারা তৃণমূলের হাত ধরবে, তাহলে তাদেরকে দুটি আসন ছেড়ে দেওয়া হবে। সেই দুটির মধ্যে থেকে, তারা যদি চায় তাহলে একটি সিপিআইএমকে দিতে পারে। তাতে কোনও সমস্যা নেই তৃণমূলের।
ইন্ডিয়া ব্লকের তরফে তিন মানদণ্ড বিরোধী দলগুলির সামনে রাখা হয়েছে। এর মধ্যে প্রথমটি হল গতবারের লোকসভা ভোটের ফল, দ্বিতীয় গতবারের বিধানসভা ভোটের ফল এবং তিন গতবারের লোকসভা এবং বিধানসভা ভোটের ফলের ওপরে নির্ভর করে আসন রফা সূত্র রাখা হয়েছে।
তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এই তিন মানদণ্ডের বিচারে পশ্চিমবঙ্গে আসনরফার ক্ষেত্রে শেষ করা বলবে তারাই। অন্যদিকে এই তিন মানদণ্ডের বিচারে বামেদের ফলাফল যা, তাতে ২০২৪-এর লোকসভায় তাদের আসন ছাড়ার কোনও প্রয়োজন আছে বলে মনে করে না তৃণমূল কংগ্রেস। ফলে বল এখন কংগ্রেসের কোর্টে।












Click it and Unblock the Notifications