এমনই এক পঞ্চায়েত যেখানে একটিও আসনে জিততে পারল না তৃণমূল! সবুজ-ঝড়েও প্রাপ্তি শূন্য
তৃণমূল কংগ্রেস ছাপিয়ে গিয়েছে ২০১৩-র নির্বাচনকেও। তবু এই বিপুল জয়ের মধ্যেই এমন একটা পঞ্চায়েত, যেখানে তৃণমূল একটি আসনও দখল করতে পারেনি।
দিকে দিকে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই সবুজ ঝড় বইতে শুরু করেছে বাংলার গ্রামজুড়ে। কী গ্রাম পঞ্চায়েত, কী পঞ্চায়েত সমিতি, আর জেলা পরিষদ- সর্বত্রই বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ছাপিয়ে গিয়েছে ২০১৩-র নির্বাচনকেও। তবু এই বিপুল জয়ের মধ্যেই এমন একটা পঞ্চায়েত খুঁজে পাওয়া গিয়েছে, যেখানে তৃণমূল একটি আসনও দখল করতে পারেনি।

সত্যিই তাজ্জব খবর! সবাই যখন লেটার মার্কস পেয়ে পাস করছে, তখন একটা পঞ্চায়েতে ডাহা ফেল তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, তৃণমূল-ঝড়ের মধ্যেই বিজেপির উত্থান স্পষ্ট করেছে এবারের পঞ্চায়েত নির্বাচন। জঙ্গলমহল থেকে শুরু করে উত্তরবঙ্গেরও অনেক জেলায় বিজেপি এবার কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূলের দিকে।
তবে তৃণমূলকে ক্লিন সুইপ করার কারিগর কিন্তু বিজেপি নয়। নয় কংগ্রেস বা সিপিএমও। তৃণমূলকে একেবারে হোয়াইট ওয়াশ করে ছেড়েছে নির্দল। নির্দলের দাপটে পঞ্চায়েতের একটি আসনেও জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এই বিপুল জয়ের দিনেও একেবারে শূন্যহাতে ফিরতে হয়েছে এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা-কর্মীদের।
কোচবিহারের দিনহাটা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ভোটগণনার ফল বেরোতেই চক্ষু চড়কগাছ। দিনহাটা গ্রাম পঞ্চায়েতের ১২টি আসনের একটিতেও জয় পাননি তৃণমূল কংগ্রসের প্রার্থীরা। দিনহাটা গ্রাম পঞ্চায়েতের ১২টিতেই জিতে বোর্ড গড়তে চলেছে নির্দল। শাসক-বিরোধী লড়াই মাঝে নির্দলের এই পঞ্চায়েত দখল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বর্তমান রাজনীতির পরিপ্রেক্ষিতে।












Click it and Unblock the Notifications