বিজেপির ভাষায় কথা বলছেন! বাংলায় ইন্ডিয়া ব্লক ভেঙে যাওয়ায় অধীর চৌধুরীকে দায়ী করল তৃণমূল
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জানিয়ে দিয়েছেন, বাংলায় তৃণমূল একাই লড়াই করবে। কংগ্রেসের সঙ্গে কোনও রকমের জোট তারা করবে না। কারণ হিসেবে তিনি বলেছেন, কংগ্রেস সব আসন ভাগাভাগির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আর বৃহস্পতিবার তৃণমূলের তরফে বাংলায় ইন্ডিয়া ব্লক ভেঙে যাওয়ার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে দায়ী করা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন বলেছেন, ইন্ডিয়া ব্লকের দুই বিরোধিতাকারী হল অধীর চৌধুরী ও বিজেপি।
ডেরেক ও'ব্রায়েনের আরও অভিযোগ, অধীর চৌধুরী বিজেপির ভাষায় কথা বলছেন। বাংলায় জোট না হওয়ার জন্য তিনি অধীর চৌধুরীকে নিশানা করেন। উল্লেখ করা যেতে পারে, অধীর চৌধুরী বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচক। সম্প্রতি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধাবাদী ও দালাল বলেও আক্রমণ করেছেন। রাজ্য কংগ্রেস সম্প্রতি বাংলায় কংগ্রেসের ভাঙনের জন্য তৃণমূলকেই অভিযুক্ত করেছে।

লোকসভা নির্বাচনে বাংলায় আসন ভাগ করতে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে কয়েকদফা আলোচনা হয়েছে। সেখানে তৃণমূল কংগ্রেসকে দুটি আসন ছাড়তে পারে বলে জানিয়েছে। তবে কংগ্রেসের তরফে ১০-১২ টি আসন দাবি করা হয়েছে। প্রসঙ্গত ২০১৯-এর নির্বাচনে কংগ্রেস রাজ্যে ৪২ টি আসনের মধ্যে মাত্র দুটি আসন দক্ষিণ মালদহ এবং বহরমপুরে জয় পেয়েছিল।
অন্যদিকে অধীর চৌধুরী রাজ্যে তৃণমূলের সঙ্গে জোট গড়ার বিরুদ্ধে। তিনি বামেদের সঙ্গো জোট করার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছিলেন, কংগ্রেসের তৃণমূলকে দরকার নেই, তৃণমূলেরই কংগ্রেসকে দরকার হয়েছে।
বুধবার জোট না করার কথা বলার আগে তৃণমূল নেত্রী সেরকমই কিছুর ইঙ্গিত করেছিলেন গত ২২ জানুয়ারি। ওই দিন হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিল করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি জমায়েতে ভাষণ দেন। সেখানে তিনি ইন্ডিয়া ব্লকের কাজ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিরোধীদের বৈঠকে তিনি ইন্ডিয়া নামটি প্রস্তাব করেছিলেন। কিন্তু তিনি যখনই ইন্ডিয়া ব্লকের বৈঠকে গিয়েছেন, দেখেছেন সিপিআইএম তথা বামেরা তা পরিচালনা করছে। তিনি এটা মেনে নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। তিনি আরও বলেন, যাঁদের সঙ্গে ৩৪ বছর লড়াই করেছেন, তাদের সঙ্গে তিনি একমত হতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই ধরনের অপমানের পরেও তিনি সামঞ্জস্য রক্ষা করেছেন এবং ইন্ডিয়া ব্লকের বৈঠকে অংশ নিয়েছেন।












Click it and Unblock the Notifications