বৃহন্নলাদের অত্যাচারে মৃত্যু শিশুর, উত্তেজনা ঝাড়গ্রামে
বৃহন্নলাদের অত্যাচারে মৃত্যু শিশুর, উত্তেজনা ঝাড়গ্রামে
বৃহন্নলাদের অত্যাচারের কারণে ও অসুস্থ শিশুকে নাচাতে বারণ করার পরেও তাকে নাচানোর কারণে মৃত্যু হয়েছে দেড় মাসের এক শিশুপুত্রের। ঝাড়গ্রাম জেলার শিলদা এলাকার এই ঘটনার পর অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজন বৃহন্নলাকে গ্রেফতার করেছে। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এই বৃহন্নলাদের চরম শাস্তি দাবি করেছেন এই পরিবারের সদস্যরা ও এলাকার লোকজন।

কোন বাড়িতে কোনও সন্তান জন্ম নিলে সেখানে গিয়ে হাজির হয় এই বৃহন্নলাদের দল। এলাকার মানুষের কাছে যারা হিজড়ে নামে বেশি পরিচিত। তারা এই শিশুদের পরিবারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে ও দাবি মতো টাকা দিতে না চাইলে অশালীন ভাষা ব্যবহার করে জুলুম করে বলেও অভিযোগ। অনেকেই আবার এই শিশুদের নাচায়।
গত মাসে শিলদা এলাকার খিলার পরিবারে জন্মগ্রহণ করে জমজ সন্তান। এদের মধ্যে একজন সুমন খিলার। জন্মের পর থেকেই সে অসুস্থ ও তার হার্টের সমস্যা আছে। তাই হাসপাতালে ভর্তি ছিল সে। কিছুটা সুস্থ হলে বৃহস্পতিবার তাকে ঝাড়গ্রাম হাসপাতাল থেকে নিয়ে আসা হয় ঘরে। আর শুক্রবার সকালেই গিয়ে হাজির হয়ে যায় বৃহন্নলাদের দল। তারা গিয়ে দশ হাজার টাকা দাবি করে ও টাকা দিতে না চাইলে অশালীন ভাষা ব্যবহার করে জুলুম করে বলেও অভিযোগ। শেষে এই শিশুর বাবা চন্দন খিলার কিছু টাকা দিতে বাধ্য হয়। এই বৃহন্নলারা সুমনকে নাচাতে চাইলে তাদের বারণ করা হয়। কিন্তু জোর করে কোলে নিয়ে তাকে কিছু ক্ষণ নাচায় বৃহন্নলারা। তার পর সুমন খিলার ফের অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় এই এলাকায়।
এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানানো হয় ও পুলিশ জানায় যে তিন জন বৃহন্নলাকে গ্রেফতার করা হয়েছে।
সুমনের বাবা চন্দন ও জ্যেঠিমা রূপা খিলার জানিয়েছেন যে তারা বৃহন্নলাদের সুমনকে নাচাতে বারণ করেন ও বলেন যে এই শিশু অসুস্থ। কিন্তু কোনও রকম কথা না শুনে তাকে নাচানো হয়। এই জন্য মৃত্যু হয়েছে সুমনের। তারা ও এলাকার লোকজন দাবি করেছেন যে এই বৃহন্নলাদের চরম শাস্তি দেওয়া হোক ও বৃহন্নলাদের জুলুমবাজি বন্ধ করা হোক।












Click it and Unblock the Notifications