করমণ্ডল এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে, মৃতের সংখ্যা বাড়ছে, মমতা সরকারের বড় পদক্ষেপ
ওডিশার বালাসোর বা বালেশ্বরের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস। জানা যাচ্ছে, দুটি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। করমণ্ডল এক্সপ্রেস ধাক্কা মেরেছে একটি মালগাড়িতে। তারপর বেশ কয়েকটি বগি উল্টে যায়।
আহতের সংখ্যা দুশোর কাছাকাছি বলে জানা যাচ্ছে। অন্তত ১০০ জনের মৃত্যুর আশঙ্কা। উদ্ধারকাজ চলছে। ফলে আহত ও নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। দুর্ঘটনার খবর জেনেই উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যা সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার খবর জেনে মর্মাহত। এতে বাংলার অনেক যাত্রী ছিলেন। একটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে ট্রেনটির। অনেকে আহত হয়েছেন। আমরা ওডিশা সরকার ও দক্ষিণ-পূর্ব রেলের সঙ্গে সবরকম যোগাযোগ রেখে চলেছি।
Shocked to know that the Shalimar- Coromondel express, carrying passengers from West Bengal, collided with a goods train near Balasore today evening and some of our outbound people have been seriously affected/ injured. We are coordinating with Odisha government and South…
— Mamata Banerjee (@MamataOfficial) June 2, 2023
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এমারজেন্সি কন্ট্রোল রুম খুলেছে রাজ্য সরকার। যার নম্বর 033- 22143526/ 22535185। উদ্ধারকাজ ও আহতদের দ্রুত চিকিৎসার বন্দোবস্তের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। রাজ্য থেকে ৫-৬ সদস্যের প্রতিনিধিদল পাঠানোর কথাও জানান মুখ্যমন্ত্রী।

রাজ্য থেকে যাঁরা ঘটনাস্থলে যাচ্ছেন তাঁরা ওডিশা সরকারের সঙ্গে সর্বতোভাবে সহযোগিতা করবেন। রেল কর্তৃপক্ষ ও উদ্ধারকারীদের সঙ্গে সহযোগিতা করবেন রাজ্য থেকে প্রেরিত দল। মুখ্য সচিব ও অন্যান্য আধিকারিকদের নিয়ে ব্যক্তিগতভাবে তিনি পরিস্থিতির দিকে নজর রাখছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, বাহানাগাবাজার স্টেশনে দুর্ঘটনা ঘটেছে। ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে ছেড়েছিল বিকেল ৩টে ২০ মিনিটে। সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। ওই স্টেশনেই ১২৮৬৪ ডাউন এসএমভিবি হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসটির কয়েকটি বগি পাশের লাইনে লাইনচ্যুত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, করমণ্ডল এক্সপ্রেস ভালো গতিতেই যাচ্ছিল। পাশের লাইনে যে বগিগুলি লাইনচ্যুত হয়েছিল তাতেও ধাক্কা লেগেছে করমণ্ডলের। সেটি আবার মালগাড়িতে গিয়ে ধাক্কা মারতেই বগিগুলি দেশলাইয়ের বাক্সের মতো উল্টে যায়। এই দুর্ঘটনায় অনেক ট্রেন বাতিল। কিছু ট্রেন অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

বালেশ্বর হাসপাতালের পাশাপাশি সোরো ও গোপালপুরের কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্র ও খান্তাপাডা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে পাঠানো হয়েছে অ্যাম্বুল্যান্স। আহতদের দ্রুত হাসপাতালে পাঠাতে দুর্ঘটনাস্থলে প্রচুর বাস পাঠানো হয়েছে।
বাংলা থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে মানস ভুঁইয়া, দোলা সেনরা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা যাচ্ছে। উদ্ধারকাজে সামিল হচ্ছে এনডিআরএফ। করমণ্ডলের গতিবেগ কম থাকলে এত বড় দুর্ঘটনা এড়ানো যেত বলে প্রাথমিকভাবে অনুমান। গ্যাস কাটার দিয়ে বগি কেটে দেহ বের করা হচ্ছে।












Click it and Unblock the Notifications