Train Derailed: বেলাইন মালগাড়ি, কারণ নিয়ে ধোঁয়াশা, রেল কর্তৃপক্ষের উদাসীনতায় বিরক্ত আমজনতা
Train Derailed: ফের রাজ্যে মালগাড়ি বেলাইনের ঘটনা। এবার আসানসোল ডিভিশনের অন্ডাল-সাঁইথিয়া রেলপথের কাজোরায়। মালগাড়িটি ফাঁকা ছিল। সে কারণে কেউ হতাহত হননি। পাশের লাইন দিয়ে অন্যান্য ট্রেন চালানো হয়েছে।
রাজ্যে একের পর এক এমন দুর্ঘটনায় রেল কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ উঠছে। বিরক্ত আমজনতা। প্রশ্নের মুখে ট্রেন ও ট্র্যাকের রক্ষণাবেক্ষণ। রেলের নীরবতায় দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা।

আসানসোল ডিভিশনের অন্ডালে লাইনচ্যুত হয় মালগাড়িটি । আজ সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটে কাজোরা-তে । অন্ডাল থেকে ফাঁকা মালগাড়িটি গন্তব্যে যাওয়ার সময় ১৫ নম্বর বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিক ও কর্মীরা । যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় লাইনচ্যুত বগিটি সরানোর কাজ। প্রায় আড়াই-তিন ঘণ্টা সময় লাগে বগিটি সরাতে। এরপর লাইনচ্যুত বগিটিকে বাদ দিয়েই মালগাড়িটি গন্তব্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়।

এই ঘটনায় লাইন ও স্লিপারের ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কখনও ইঞ্জিনে আগুন লাগছে। প্রায়ই মালগাড়ি বেলাইন হচ্ছে। রেল কর্তৃপক্ষ উদাসীন। কী কীরণে মালগাড়িটি বেলাইন হলো তা নিয়ে রেলের তরফে কিছু জানানো হয়নি। স্থানীয়দের অভিযোগ, মালগাড়ির চাকা ভেঙে বিপত্তি। সেটা সত্যি হলে রক্ষণাবেক্ষণের গাফিলতিতেই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান।

এলাকার বাসিন্দারা আরও অভিযোগ করছেন, রেলের ট্র্যাকও যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। এ বিষয়ে অবিলম্বে নজর দেওয়া উচিত। ফাঁকা মালগাড়ি বলে হতাহতের খবর নেই। কিন্তু রেলের অবস্থা এমন জায়গায় গিয়েছে, রক্ষণাবেক্ষণ না হওয়ায় যাত্রীবাহী ট্রেনেও তো মানুষ নিশ্চিন্ত হয়ে সফর করতে পারবেন না।












Click it and Unblock the Notifications