‘টাইডাল ফ্লাড’ দিঘায়! উত্তাল জলোচ্ছ্বাসে সমুদ্র সৈকতে যেতে নিষেধাজ্ঞা
দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর আরও উত্তাল। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দিঘার সমুদ্র সৈকতগুলিতেই।
কৌশিকী অমাবস্যার রাতে ফুঁসছে দিঘার সমুদ্র। ষাঁড়াষাঁড়ির বানে উত্তাল জলোচ্ছ্বাস চলছে। আদতে টাইডাল ফ্লাডের রূপ নিয়েছে দিঘা। পাড় উপচে সমু্দ্রের ঢেউ আছড়ে পড়ছে দিঘার রাস্তাঘাটে। পর্যটকদের সমু্দ্রের ধারে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। নিরাপত্তায় সিভিক পুলিশ ও নুলিয়াদের মোতায়েন রাখা হয়েছে জেলা প্রশাসনের তরফে।
কৌশিকী অমাবস্যার রাতে বিশাল জলোচ্ছ্বাসের সঙ্গে বইছে প্রবল ঝোড়ো হাওয়া। তাতেই দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর আরও উত্তাল। বিশেষ সতর্কতা জারি করা হয়েছে দিঘার সমুদ্র সৈকতগুলিতেই। কেউ যাতে সমুদ্রে না নামেন, এমনকী কেউ যেন সমুদ্র্রের ধারে পর্যন্ত না যান, সেই মর্মে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সবসময় মাইকিং চালানো হচ্ছে প্রশাসনের তরফে। সতর্কতা জারি করা হয়েছে হোটেলগুলিতেও।

এই সময় দিঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে। তা দেখতেই পর্যটকরা হাজির হন দিঘার সমুদ্র সৈকতে। রাজ্য প্রশাসনও সমস্তরকম সাবধানতা অবলম্বন করে। কিন্তু এবার সমুদ্র আরও উত্তাল। এই ভয়ঙ্কর সমুদ্র দেখতে গিয়ে যাতে পর্যটকরা অযথা বিপদের মুখে না পড়েন, তা নিয়ে জেলা প্রশাসন তটস্থ। নিরাপত্তার কোনও ঘাটতি রাখা হয়নি।
সমুদ্রবিজ্ঞানীদের কথায়, এই জলোচ্ছ্বাসকে টাইডাল ফ্লাড বলা হয়। প্রাকৃতিক কারণেই এই সময় সমুদ্রের ঢেউ বিশাল আকারে ধেয়ে আসে। যার জেরে জল উঠে আসে রাস্তায়। দিঘার রাস্তাঘাট ঢেউয়ের জলে প্লাবিত হয়ে যায়।












Click it and Unblock the Notifications