By Election 2024: আরও বাড়ল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা! নজিরবিহীন নিরাপত্তায় ভোট হবে বাংলার ছয় কেন্দ্রে
West Bengal By Election 2024: বাংলার ছয় আসনে অবাধ এবং শান্তিপূর্ণ উপ নির্বাচন করাতে মরিয়া নির্বাচন কমিশন। আর সেই লক্ষ্যেই আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। এক ধাক্কায় বাড়ানো হল আরও ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। আগেচ ছয় আসনে উপ নির্বাচনের জন্য ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
কিন্তু পরিস্থিতি বিবেচনা করে আরও বাহিনী (West Bengal By Election 2024) মোতায়েনের সিদ্ধান্ত। জানা যাচ্ছে, সব মিলিয়ে ছয় আসনের জন্য মোট ১০৮ কোম্পানি বাহিনী নিরাপত্তা থাকবে। আগামী ১৩ নভেম্বর ৬ আসনে উপ নির্বাচন রয়েছে। ভোট হবে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই এবং মাদারিহাটে।

এই ছয় আসনে অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে ভোট হওয়া নিয়ে গত কয়েকদিন আগেই আশঙ্কা প্রকাশ করেন বঙ্গ বিজেপি নেতারা। এমনকি রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতেও অমিত শাহের কাছে অভিযোগ জানান বিজেপি নেতা শিশির বাজোরিয়া। এই অবস্থায় ছয় কেন্দ্রের উপ নির্বাচন অবাধ এবং সুষ্ঠ ভাবে করাতে আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর আবেদনও জানানো হয়।
এক্ষেত্রে গত লোকসভা নির্বাচন এবং সম্প্রতি হওয়া ৪ বিধানসভা আসনে উপনির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীকে গোটা ঘটনা বিস্তারিত ভাবে জানানো হয় বলেও খবর। আর এহেন অভিযোগ জানানোর কয়েকদিনের মাথাতেই তাৎপর্যপূর্ণ ভাবে ৬ কেন্দ্রের জন্য এক ধাক্কায় আরও ১৯ কোম্পানি বাড়ল কেন্দ্রীয় বাহিনী সংখ্যা।
জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৮৯ কোম্পানির মধ্যে ছিল ২৪ কোম্পানি CRPF, ১৩ কোম্পানি এসএসবি, বিএসএফ ছিল ৩০ কোম্পানি, ১৩ কোম্পনি সিআইএসএফ এবং আইটিবিপি ছগিল ১০ কোম্পানি। কিন্তু এখন আসছে মোট ১০৮ কোম্পানি বাহিনী।
অর্থাৎ এখন ৫ কোম্পানি আরও সিআরপিএফের সংখ্যা বাড়ানো হল, বিএসএফ বাড়ানো হল ১০ কোম্পানি। আর সিআইএসএফ ও আইটিবিপি ২ কোম্পানি করে বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয় গুরুত্ব দিতে নারাজ বঙ্গ শাসকদল তৃণমূল।
তাঁদের দাবি, যত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক না কেন মানুষ তাঁদের পক্ষেই ভোট দেবে। অন্যদিকে বিজেপির দাবি, এখন থেকেই ভোটারদের ভয় দেখানো হচ্ছে। তৃণমূল নেতারা হুমকি দিচ্ছেন। এই অবস্থায় ছয় কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন কীভাবে হবে তা নিয়ে শঙ্কায় বিজেপি নেতারা।












Click it and Unblock the Notifications