আজ থেকেই ময়দানে পর্যবেক্ষকরা! ফলতায় যাচ্ছেন সুব্রত-মুরুগান, কী কী দায়িত্ব পালন করবেন? জানিয়ে দিল কমিশন
SIR-এর কাজ খতিয়ে দেখতে মাঠে নেমে পড়েছে রাজ্যে নিযুক্ত ১৩ জন স্পেশ্যাল পর্যবেক্ষক। বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত গুপ্তকে। তাঁর সঙ্গেই বাকি ১২ জন পর্যবেক্ষক নজরদারি চালাবেন। সব মিলিয়ে মোট ১৩ জন পর্যবেক্ষক। এই ১২ জন পর্যবেক্ষক মূলত SIR -এর সম্পূর্ণ কাজের অগ্রহতি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা, জনসংযোগে সামিল হওয়া ও বুথ লেভেল অফিসারদের নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয়ে নজর রাখবেন। সেই সঙ্গে তাঁরা সম্পূর্ণ কাজের উপরে তদারকিও করবেন। তাঁরা তাঁদের কাজের ভিত্তিতে সংশ্লিষ্ট জেলার দৈনন্দিন রিপোর্ট তৈরি করে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর কাছে পাঠাবেন। সাধারণ মানুষ চাইলে পর্যবেক্ষকদের কাছে তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন। আজই এই বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া খতিয়ে দেখতে সুব্রত গুপ্ত ও পর্যবেক্ষক দলের অন্যতম আর একজন সদস্য সি মুরুগান ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ফলতায় যাচ্ছেন। সঙ্গে থাকছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা ও ডায়মন্ড হারবারের মহকুমা শাসকও।

আজ দুপুরে ফলতার বিডিও অফিসে বৈঠক হওয়ার কথাও রয়েছে। সম্প্রতি ফলতা বিধানসভায় এসআইআর প্রক্রিয়ার মধ্যেই বিজেপিকে বিস্ফোরক অভিযোগ করতে দেখা গিয়েছিল। অভিযোগ উঠেছিল তৃণমূলের ফলতার যুব সভাপতি জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। অভিযোগ, তিনি ভোটার তালিকায় মৃত ভোটারদের নাম তুলতে বিএলওদের চাপ দিচ্ছিলেন।
বিজেপি প্রায় ১১০০ জনেরও বেশি মৃত ভোটারের নাম ভোটার তালিকায় তোলার অভিযোগ তুলেছিল। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের কাছে বিজেপি আরও অভিযোগ তুলেছিল যে, সেই এলাকায় নাকি গোটা এসআইআর প্রক্রিয়ায় আরও অনেক কারচুপি করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে অনেকেই মনে করছেন যে, বিজেপির সেই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতেই পর্যবেক্ষকেরা ফলতায় আসছেন। সমস্তটা খতিয়ে দেখার পর বিডিও অফিসে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠক করার কথাও রয়েছে আজ।












Click it and Unblock the Notifications