আজ মহাসপ্তমী, পুজো ও উৎসবে মাতোয়ারা গ্রাম থেকে শহর
কলকাতা, ২০ অক্টোবর : আজ মহাসপ্তমী। মহা ধুমধামে শুরু হয়ে গেল দেবী দুর্গার আরাধনা। এদিন সকালে নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয়েছে মায়ের পুজোর উপাচার। প্রতিটি পুজো মণ্ডপে হয়েছে অঞ্জলি।
বারোয়ারি পুজো হোক অথবা বাড়ির পুজো, সব জায়গাতেই উৎসবে মেতেছে আট থেকে আশি। শহরের মতো আতিশয্য না থাকলেও গ্রাম বাংলার নানা জায়গায় বিভিন্ন পুজো প্যান্ডেলে জাঁকজমক করে চলছে দেবীবন্দনা।

পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের নানা জায়গায় প্রচুর পুরনো ঐতিহ্যশালী পুজো হয়। বয়সের হিসাবে যা কলকাতার নামী পুজোকে অনেক পিছনে ফেলে দেয়। থিম নয়, সাবেক চালে দেবী বন্দনাই গ্রাম বাংলার পুজোর মূল চাবিকাঠি।
অন্যদিকে কলকাতাতেও শোভাবাজার রাজবাড়ি বা বাগবাজারের মতো কয়েকটি জায়গায় এখনও সেই সাবেকিয়ানা অক্ষত রয়েছে। কলকাতায় থিমের ভিড়ে এই পুজোগুলি যেন অন্যভাবে ধরা দিয়েছে মানুষের মনে।
থিমের পুজো ধরলে সুরুচি সংঘ, ৬৬ পল্লী, সিংহি পার্ক সহ একাধিক পুজো প্রতিবারই মন কাড়ে। এবারও তার অন্যথা হয়নি। দেশপ্রিয় পার্কের সবচেয়ে বড় দুর্গা দর্শন বন্ধ নিয়ে মানুষের মনে ক্ষোভ থাকলেও আপাতত সেসব ভুলে উৎসবে মেতেছে আম বাঙালি।












Click it and Unblock the Notifications