করোনা ভাইরাস আতঙ্কে বন্ধ হল খড়গপুর আইআইটি ও বিশ্বভারতী
সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে আগামী ৩১ মার্চ তারিখ পর্যন্ত সব ক্লাস ' সাসপেন্ড ' করেছে এই দুই বিশ্ববিদ্যালয়। শুক্রবার বৈঠক করার পরে এই সিদ্ধান্ত নিয়েছে ওই দুই শিক্ষা প্রতিষ্ঠান
করোনা ভাইরাসের আতঙ্কে পঠনপাঠন বন্ধ করল খড়গপুর আইআইটি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে আগামী ৩১ মার্চ তারিখ পর্যন্ত সব ক্লাস ' সাসপেন্ড ' করেছে এই দুই বিশ্ববিদ্যালয়। শুক্রবার বৈঠক করার পরে এই সিদ্ধান্ত নিয়েছে ওই দুই শিক্ষা প্রতিষ্ঠান

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধুমাত্র সব ক্লাস সাসপেন্ড করেনি, একই সাথে ৩০ মার্চ তারিখ পর্যন্ত সব হোস্টেল ফাঁকা করার নির্দেশও দিয়েছে। এই সময়ে এই বিশ্ববিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার সমতুল্য ' স্কুল সার্টিফিকেট এগজামিন ' পরীক্ষাও স্থগিত করা হয়েছে । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে এই পরীক্ষা আবার কবে থেকে নেওয়া হবে তা পরে জানিয়ে দেওয়া হবে ।
করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব । মৃত্যু হয়েছে পাঁচ হাজারের বেশি মানুষের। আক্রান্ত লক্ষাধিক মানুষ । আমাদের দেশেও দুই জন মারা গিয়েছেন ও প্রায় একশ জন আক্রান্ত । এই ভাইরাস আতঙ্কের কারণে এই বছর বসন্ত উৎসব অনুষ্ঠান বাতিল করে দেয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। শুক্রবার এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে একটি বৈঠকে ৩১ মার্চ তারিখ পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা সাসপেন্ড রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ।
একই রকম ভাবে খড়্গপুর আই আই টি কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামী ৩১ মার্চ তারিখ পর্যন্ত সব ক্লাস বন্ধ রাখা হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে । আই আই টি খড়গপুরে ডিরেক্টর ভি কে তেওয়ারি জানিয়েছেন যে করোনা ভাইরাস নিয়ে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মতো অবশ্য এখানে হোস্টেল ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়নি । আই আই টি কর্তৃপক্ষ জানিয়েছে যে আগামী ৩১ মার্চ তারিখ পর্যন্ত এই ক্যাম্পাসে যারা থাকেন তাদের ক্যাম্পাসের বাইরে যেতে নিষেধ করা হয়েছে । ক্লাস সাসপেন্ড রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও আই আই টি খড়্গপুর কর্তৃপক্ষ জানিয়েছে যে ছাত্র ছাত্রীরা এই সময়ে অন লাইনে পড়াশোনা করতে পারবে । এই ছাড়া এই সময়ে এই প্রতিষ্ঠানের ক্যাম্পাসে যারা থাকেন তারা কী কী করবেন ও করবেন না তাও জানিয়ে দেওয়া হয়েছে ।












Click it and Unblock the Notifications