পঞ্চায়েত সমিতির সদস্য-সহ প্রায় ৫০০ TMC কর্মীর দলবদল! কোচবিহারে যেখানে অভিষেক, সেখানেই ভাঙন, চ্যালেঞ্জ নিশীথের
অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহার ছাড়ার পরেই সেখানে শাসকদলের সংগঠনে বড় ভাঙনের দাবি বিজেপির। সিতাইয়ের গোসানিমারিতে বিজেপির কর্মিসভা ও যোগদান মেলায় অনেকেই তাদের দলে যোগ দিয়েছেন বলে দাবি গেরুয়া শিবিরের। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপস্থিতিতে এই যোগদান পর্ব সম্পন্ন হয়।
২৫ এপ্রিল কোচবিহারের সিতাইয়েই গোসানিমারিতে জনসংযোগ যাত্রা করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচিক এক সপ্তাহ না পেরোতেই এলাকায় বহু তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে। তালিকায় এলাকার পঞ্চায়েতের একাধিক সদস্যও রয়েছেন।

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারের যেসব জায়গায় গিয়েছেন, সেইসব জায়গাতেই তারা তৃণমূলে ভাঙন ধরাবেন। সিতাইয়ের গোসানিমারির দলবদল তারই একঝলক বলেও দাবি করেন তিনি।
বিজেপিতে যোগদানের মঞ্চ থেকে নিশীথ প্রামাণিক বলেছেন, তৃণমূলের অবহেলিত, পুরনো নেতানেত্রীরা বিজেপিতে যোগ দিন। তাঁদেরকে পদ্ম শিবিরে গুরুত্ব দেওয়ার আশ্বাসও দেন তিনি। তিনি বলেন, এই অনুষ্ঠান তৃণমূলের শেষের শুরু। এরপর আরও বড় যোগদান মেলা করা হবে বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ারের নামে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রশাসনকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে সন্ত্রাস তৈরি করছেন। কোচবিহারের এমনই সব জায়গায় বিজেপির তরফে যোগদান মেলা করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী।
অন্যদিকে সিতাইয়ের তৃণমূল বিধায়ক জহদীশ বর্মা বসুনিয়া দাবি করেছেন, যাঁরা বিজেপিতে গিয়েছেন, তাঁরা পঞ্চায়েত ভোটে টিকিট পাবে না বুঝেই গিয়েছেন। এলাকায় এইসব নেতারা জনবিচ্ছিন্ন বলেও দাবি করেছেন তৃণমূল বিধায়ক।












Click it and Unblock the Notifications