লাটে উঠল করোনা লকডাউনের বিধি, জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের, নিজাম প্যালেসের গেটে জমায়েত শাসক দলের
লাটে উঠল করোনা লকডাউনের বিধি, জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের, নিজাম প্যালেসের গেটে জমায়েত শাসক দলের
চার বিধায়কের গ্রেফতারির পরেই লাটে উঠেছে রাজ্যের করোনা লকডাউন। উত্তাল রাজ্য রাজনীতি। সকাল থেকেই জেলায় জেলায় বিক্ষোভ আন্দোলন শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।লকডাউনের বিধি উড়িয়ে নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন শাসক দলেন নেতাকর্মীরা। রাজ্যপালের মদতেই এইসব কাণ্ড ঘটছে বলে অভিযোগ করেছেন শাসক দলেন কর্মীরা। রাজ্যপাল রাজ্যকে উত্তাল করে তুলছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

গ্রেফতার চার বিধায়ক
সাত সকালে তোলপাড় শহর। রাজ্যের চার বিধায়কের বাড়িতে হানা দিয়ে চার জনকে গ্রেফতার করল সিবিআই। নারদ কাণ্ডে চার বিধায়ককে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে। নিজাম প্যালেসে নিয়ে এসে তাঁদের গ্রেফতার করা হয়। তারমধ্যে রয়েছেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়। তাঁদের নামেআজই চার্জশিট পেশ করার কথা সিবিআইয়ের। তাই পরিকল্পনা করেই এই গ্রেফতারি। সাধারণ চার্জশিট পেশের পরে গ্রেফতারি বা হাজিরার নোটিস পাঠানো হয় । কিন্তু এক্ষেত্রে একেবারে পরিকল্পনা করেই চার্জশিট পেশের আগেই গ্রেফতার করা হয়েছে শাসক দলের চার বিধায়ককে।

জেলায় জেলায় বিক্ষোভ
মন্ত্রীদের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। আসানসোল, বীরভূম, মালদহ, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা সহ একাধিক জায়হায় রাস্তায় নেমেবিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। করোনা লকডাউনের বিধি উড়িয়েই জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। কোথায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান হচ্ছে তো কোথাও পথ অবরোধ করা হচ্ছে। তুমুল অশান্তির ছবি ধরা পড়েছে একাধিক জেলায়।

নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ
নিজাম প্যালেসের সামনেও বিক্ষোভ শুরু করেছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। নিজাম প্যােলসের বাইরে রাস্তায় তৃণমূলের পতাকা নিয়ে শুয়ে পড়েছেন অনেকে। করোনা বিধি উড়িয়ে চলছে বিক্ষোভ। অধিকাংশের মুখেই ঠিক করে মাস্ক পরা নেই। করোনা পরিস্থিতির মধ্যে সিবিআইয়ের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে শাসক দল। এমনকী কংগ্রেস নেতা অধীর চৌধুরীও প্রকাশ্যে অভিযোগ করেছেন বিজেপি প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করছে। এই ধরনের রাজনীতি যেন কোনও দলের সঙ্গেই না হয়। করোনা পরিস্থিতির মধ্যে এই পদক্ষেপ করা উচিত হয়নি বিজেপির।

নিজাম প্যালেসে মমতা
চার বিধায়কের গ্রেফতারির পরেই নিজাম প্যালেসে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি কার্যত ধরনায় বসেছেন। তাঁকেও গ্রেফতার করা হোক দাবি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রীর নিজাম প্যালেসে হাজির হওয়ায় দলীয় কর্মী সমর্থকরা আন্দোলনে আরও জোর পেয়েছেন। তাঁরা দ্বিগুণ উৎসাহে নিজাম প্যালেসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। এই বিক্ষোভের মাঝ দিয়ে চার মন্ত্রীকে আদালতে নিয়ে যাওয়া কঠিন হতে চলেছে সিবিআইয়ের পক্ষ থেকে। দুপুর ২টোয় আদালতে পেশ করার কথা চার বিধায়ককে।












Click it and Unblock the Notifications