'মেয়র' সব্যসাচীকে ছেঁটে ফেলতে অনাস্থা আনার প্রক্রিয়া শুরু তাপসের নেতৃত্বে
বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে দলের কাউন্সিলররা।
বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ফোন করে স্পষ্ট নির্দেশ দিয়েছেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে। এবং ফিরহাদ হাকিমের নির্দেশ পাওয়ার পরই তাপস চট্টোপাধ্যায় ও অন্যান্য কাউন্সিলররা অনাস্থা প্রস্তাব আনার খসড়া তৈরির কাজ শুরু করে দিয়েছেন।

অর্থাৎ বোঝাই যাচ্ছে সব্যসাচী দত্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোমর বেঁধে নামছে দল। তাঁকে প্রথমে অনাস্থা প্রস্তাব এনে মেয়র পদ থেকে সরানো হবে। তারপর তাঁকে দলে রাখা হবে কি না সেই সিদ্ধান্ত নেবে দল।
এদিন তাপস চট্টোপাধ্যায় জানিয়ে দেন, ফিরহাদ হাকিমের ফোন তাঁর কাছে এসেছে। এবং তিনি মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশের যাবতীয় প্রক্রিয়া শুরু করে দিতে বলেছেন। খসড়ার কাজ কালকের মধ্যেই শেষ হয়ে যাবে। ফলে মঙ্গলবার বিধাননগর পুরসভার চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তীর কাছে তা জমা দেবেন তৃণমূলের প্রতিনিধিরা। এবং মেয়র সব্যসাচীকে যাতে অবিলম্বে ছেঁটে ফেলা হয় তার দাবি জানাবেন।
এরপর সাত দিনের একটি সময়সীমা থাকে। তারপরে ভোটাভুটি হবে। সেই ভোটাভুটিতে কি ফল হয় সেটাই এখন দেখার। তবে সব্যসাচী যে তৃণমূলে কোণঠাসা হয়ে পড়লেন তাই একপ্রকার বলাই যায়।












Click it and Unblock the Notifications