মহিলাদের 'শূর্পণখা'র সঙ্গে তুলনা কৈলাশের, বিজেপির দফতরে চশমা পাঠিয়ে প্রতিবাদ তৃণমূলের
বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় মহিলাদের 'শূর্পণখা'র সঙ্গে তুলনা করেছিলেন। তাঁর সেই বিবৃতির মহিলাদের 'অপমান' বলে গর্জে উঠেছিলেন বিরোধীরা। তৃণমূলের রাজ্যস্তরের নেতা-নেত্রীরা গর্জে ওঠেন বিজেপির প্রাক্তন পর্যবেক্ষকের এহেন মন্তব্যে।
এরপর এদিন কৈলাশ বিজয়বর্গীয়ও শূর্পণখা মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠল বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শূর্পণখা মন্তব্য মহিলাদের অপমান বলে অভিযোগ করে চশমা পরে প্রতিবাদে নামলেন বাঁকুড়ার বড়জোড়া ব্লক মহিলা তৃণমূলের নেতৃত্ব। রবিবার জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী অর্চিতা বিদের নেতৃত্বে প্রতিবাদে বিক্ষোভ হয়।

এদিন বাঁকুড়ার বড়জোড়া এলাকায় মিছিল করে তৃণমূলের মহিলা সদস্যরা। বড়জোড়ার চৌমাথা মোড়ে কৈলাশ বিজয়বর্গীয়ের কুশপুত্তলিকা দাহ করেন তাঁরা। এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে মহিলা সভানেত্রী অর্চিতা বিদ ছাড়াও উপস্থিত ছিলেন বড়জোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল পোড়েল, ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী সবিতা দাস-সহ অন্যান্যরা।
এদিন জেলা মহিলা নেত্রী অর্চিতা বিদ বলেন, রামায়ণের 'নেগেটিভ চরিত্র' সূর্পণখার সঙ্গে মহিলাদের তুলনা করে অন্যায় করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। রামায়ণে বর্ণিত সূর্পণখার নাক কাটা। তৃণমূলের মহিলা নেত্রীরা প্রশ্ন তোলেন, তার মানে উনি কি বলতে চাইছেন ভারতীয় মহিলাদের সবার নাক কাটা।
তৃণমূল কংগ্রসের তরফে এদিন অভিনব কর্মসূচি নেওয়া হয়েছে। অর্চিতাদেবী বলেন, আমাদের নাক আছে এটা বোঝাতেই চশমা পরে প্রতিবাদে মিছিলে নেমেছি। এরপর এই সব চশমা পাঠানো হবে রাজ্য বিজেপির সদর দফতর মুরলিধর সেন লেনে। যাতে চশমা পরে মহিলাদের প্রতি ওঁদের নোংরা দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, সেইজন্যই চশমা পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

তৃণমূলের এই অভিনব প্রতিবাদ প্রসঙ্গে বিজেপির যুব মোর্চার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সোমনাথ কর বলেন, এই রাজ্যে তৃণমূল নেতারা বহুরুপী সেজে ঘুরে বেড়ান। মহিলারা সুরক্ষিত নন, তাই হাসখালি-বগটুইয়ের মতো ঘটনা ঘটে। এ রাজ্যের সচেতন মানুষ আসন্ন পঞ্চায়েত ভোটে এঁদের 'মোক্ষম জবাব' দেবে বলেই তিনি মনে করেন।
হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, মহিলাদের ছোটো পোশক পরলে নোংরা লাগে। অনেকটা শূর্পণখার মতো দেখায়। আমরা মহিলাদের দেবীর চোখে দেখি। আমার মনে হয় মেয়েদের পোশাকের ব্যাপারে শৈশব থেকে শিক্ষা দেওয়া উচিত।

কৈলাশ বিজয়বর্গীর এই মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে। তৃণমূলের মহিলা নেত্রী তথা রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা বলেন, কৈলাশ বিজয়বর্গীয়র এই মন্তব্যে ফের একবার প্রমাণ করে দিল বিজেপি মহিলাদের কী চোখে দেখে। এই দলটা হল মহিলাদের শত্রু। এদের বিরুদ্ধে সব মহিলাদের এক হতে হবে।
দার্জিলিং জেলা তৃণমুলের সভানেত্রী পাপিয়া ঘোষ রবিবার এক সাংবাদিক বৈঠকে জানান,বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় যেভাবে মহিলাদেরকে পোশাক নিয়ে শূর্পণখা রাক্ষসীর সঙ্গে তুলনা করেছেন তা খুবই নিন্দনীয়। বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়কে প্রকাশ্য মহিলাদের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেন তিনি।












Click it and Unblock the Notifications