বিজেপিতে বাড়ছে তৃণমূলের চর! সাংসদের চাঞ্চল্যকর অভিযোগকে ঘিরে জল্পনা তুঙ্গে
বিজেপিতে বাড়ছে তৃণমূলের চর! সাংসদের চাঞ্চল্যকর অভিযোগকে ঘিরে জল্পনা তুঙ্গে
বিজেপিতে অনুশাসনের ঘাটতি রয়ে গিয়েছে। তাই বিজেপির অন্দরে তৃণমূলের 'চরে'রা নিশ্চিন্তে কাজ করে চলেছেন। বিজেপিতে এমন কিছু দালাল রয়েছে যাঁরা দলের অন্দরের খবর পাস করছে তৃণমূলকে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তাঁর সেই অভিযোগকে কেন্দ্রে করে জল্পনার পারদ চড়ছে।

বিজেপির মধ্যে ঢুকে থাকছে তৃণমূলের চর
বিজেপি সাংসদ জগন্নাথ সরকার দলের বিরুদ্ধেই আঙুল তুলেছেন। তিনি জানিয়েছেন, বিজেপির মধ্যে অনুশাসনের ঘাটতি রয়েছে বলেই দলের মধ্যে ঢুকে থাকছে তৃণমূলের চর। ঘরের খবর বাইরে চলে যাচ্ছে। তাঁর কথায়, দলের মধ্যে এমন অনেকে রয়েছে যাঁরা দলের নেতা-নেত্রীদের মধ্যে বিভাজন ঘটানোর চেষ্টা করছে।

দলের বিরুদ্ধেই গর্জে উঠলেন সাংসদ
সম্প্রতি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে একাধিকবার নানা অভিযোগ তুলেছেন দলের কর্মী-সমর্থকরা। সোশ্যাল মিডিয়াতে তাঁর বিরুদ্ধে বারবার বিভিন্নরকম পোস্ট করতে দেখা গিয়েছে দলের কর্মী সমর্থকদের। সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন দলের বহু নেতা-কর্মী-সমর্থকরা। তাঁদের বিরুদ্ধেই গর্জে উঠেছেন জগন্নাথ সরকার।

বিজেপিকে বিপাকে ফেলার চেষ্টা করছেন!
জগন্নাথ সরকার বলছেন, যাঁরা এসব করছে, তাঁরা আসলে তৃণমূলের চর। বিজেপিতে থেকে ওঁরা এই কাজ করে চলেছেন। বিজেপিকে বিপাকে ফেলার চেষ্টা করছেন। যেমন আমাদের দেশ বা অন্য দেশের লোকের মধ্যে চরবৃত্তির কাজ তলে, তেমনই দলের অন্দরে কিছু খোচর ও কিছু দালাল থাকে। তৃণমূলের মধ্যেও আছে, বিজেপিতেও আছে। এদের কাজ এক দলের খবর অন্য দলের কাছে পাচার করা।

এসএসসি দুর্নীতির তদন্ত থেকে নজর ঘোরাতে!
সম্প্রতি কল্যাণীর এইমসে অবৈধভাবে নিয়োগের অভিযোগ রয়েছে জগন্নাথ সরকারের বিরুদ্ধে। এই অভিযোগের তদন্ত শুরু করেছে সিআইডি। জগন্নাথের দাবি, এসএসসি দুর্নীতির তদন্ত থেকে নজর ঘোরাতেই মুর্শিদাবাদের একজন 'দুধেল গাই'কে দিয়ে এই অভিযোগ করেছে তৃণমূল। আর দলের মধ্যে যাঁরা তাঁর বিরুদ্ধে কথা বলছেন, তাঁরা আসলে তৃণমূলের হয়ে কাজ করছেন।

বিজেপি সাংসদের কথার সপাট জবাব তৃণমূলের
বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, দলের অন্দরে থেকে তৃণমূলের হয়ে কাজ করছেন যাঁরা, তাঁদের অবিলম্বে দলের বাইরে বের করে দেওয়া উচিত। তিনি দলের শীর্ষ নেতৃত্বকে পরামর্শ দিয়েছেন, দলকে দালাল মুক্ত করতে। বিজেপি সাংসদের এই কথার সপাট জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, বিজেপিতে চর রাখার দরকার নেই তৃণমূলের। বিজেপি সাংসদ ও বিধায়ক-সহ ৮০ শতাংশ নেতা-নেত্রী এখন তৃণমূলে আসতে চাইছেন। তাঁরাই বিজেপির বিরুদ্ধে কথা বলছেন। এই কথায় তিনি জল্পনা বাড়িয়ে দিয়েছেন রাজ্য রাজনীতিতে।












Click it and Unblock the Notifications