বাংলার ৫ গুণ বেশি আক্রান্ত মোদী-রাজ্যে! তবু কেন হানা দেয়নি কেন্দ্রীয় টিম! প্রশ্ন তৃণমূলের
মোদী-রাজ্যে ৫ গুণ বেশি আক্রান্ত! তবু কেন হানা দেয়নি কেন্দ্রীয় টিম! প্রশ্ন তৃণমূলের
করোনা পরিস্থিতির মধ্যেও কেন্দ্র ও রাজ্য সংঘাত চরমে উঠেছে। বাংলায় কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাতে এবার তৃণমূল কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়েছে, কেন মোদীর রাজ্য গুজরাটে পাঠানো হবে না কেন্দ্রীয় প্রতিনিধি দল। গুজরাটে তো বাংলার থেকেও অনেক বেশি আক্রান্ত হয়েছে।

কেন গুজরাটে নয় কেন্দ্রীয় দল
তৃণমূলের দাবি, বাংলায় এখন ৪০০ অতিক্রম করেনি আক্রান্তের সংখ্যা। আর মোদীর রাজ্যে গুজরাটে আক্রান্তের সংখ্যা প্রায় ২০০০ ছুঁই ছুঁই। আসলে করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেও সুযোগ বুঝে রাজনীতি করা হচ্ছে। এই মর্মেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, ডেরেক ও'ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়রাও কেন্দ্রকে একহাত নেন।

রাজ্যকে অন্ধকারে রেখে কেন্দ্রের দল
কলকাতা-সহ বাংলার সাত জেলায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে রাজ্যকে সম্পূর্ণ অন্ধকারে রেখে। তা নিয়েই বিতর্ক বাধে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, নবান্নে চিঠি আসার আধঘণ্টার মধ্যে কলকাতায় নেমে পড়ে কেন্দ্রীয় টিম। তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেন আরও তিনঘণ্টা পরে দুপুর ১টায়।

মমতার টুইট ও চিঠি মোদীকে্
এরপরই তিনি টুইট করে মোদী-শাহের কাছে জবাব চান, কোন ভিত্তিতে ওইসব এলাকায় পরিদর্শনে পাঠানো হয়েছে টিম। তিনি লম্বা চিঠিও লেখেন মোদীর উদ্দেশ্যে। এরপরই গর্জে ওঠেন তৃণমূলের রাজ্যসভা ও লোকসভা দলেনতা যথাক্রমে ডেরেক ও'ব্রায়েন ও সুদীপ বন্দ্যোপাধ্যায়-রা।

কাজের কোনও পদ্ধতি মানেনি কেন্দ্র
এই ইস্যুতে সুর চড়িয়ে ডেরেক বলেন, রাজ্যকে অন্ধকারে রেখে প্রতিনিধি পাঠানো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরোধী। বাংলার মানুষকে সাহায্য করতে রাজ্য যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। কেউ যদি সেই কাজ করতে আসতে চায়, তাঁকে স্বাগত। কিন্তু তার তো একটা পদ্ধতি রয়েছে। তা মানেনি কেন্দ্র।

অ্যাডভেঞ্চার ট্যুরিজম বলে কটাক্ষ
কেন্দ্রের এই টিমের রাজ্যে পরিদর্শনকে অ্যাডভেঞ্চার ট্যুরিজম বলে কটাক্ষ করতেও ছাড়েননি ডেরেক। তিনি বলেন, রাজ্যে কেন্দ্রের টিম আসার তিনঘণ্টা পরে যদি মুখ্যমন্ত্রীকে ফোন করে জানানো হয়, সেটাকে অ্যাডভেঞ্চার ট্যুরিজম ছাড়া আর কী বলা যেতে পারে। এরপরই তিনি প্রশ্ন তোলেন, কোন আধারে কেন্দ্রীয় টিম পাঠানো হল রাজ্যে।

যেখানে বেশি আক্রান্ত, সেখানে পাঠানো হয়নি কেন্দ্রীয় দল
কেন্দ্রীয় টিমের এই ভিজিটকে ‘অ্যাডভেঞ্চার ট্যুরিজম' হিসাবে অভিহিত করে তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, কোন কেন্দ্রীয় দলকে সেই সমস্ত রাজ্যে পাঠানো হয়নি, যেখানে অনেক বেশি সংখ্যক করোনা আক্রান্ত। ডেরেক ও সুদীপ উভয় সাসংদই প্রশ্ন তোলেন, গুজরাট, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে কেন যায়নি কেন্দ্রীয় দল।

শীর্ষ দশ রাজ্যের তালিকাতেই আসে না পশ্চিমবঙ্গ
তৃণমূলের দাবি, ওইসব এলাকায় করোন ভাইরাসের সংক্রমণ অনেক বেশি এবং আর ওইসব রাজ্যে অনেক বেশি হটস্পট রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, কেন কেন্দ্রীয় দলকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে, যেখানে সংক্রমণের দিক থেকে শীর্ষ দশ রাজ্যের তালিকাতেই আসে না পশ্চিমবঙ্গ।












Click it and Unblock the Notifications