সংসদের ৬৩ নম্বর ঘরে জরুরি বৈঠক! নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রা
সংসদের ৬৩ নম্বর ঘরে জরুরি বৈঠক! নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রা
সাংসদদের সঙ্গে আলোচনা করতে দিল্লি যাচ্ছেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে দিল্লি (Delhi) গিয়ে বেলা একটায় সংসদ ভবনে বৈঠক করবেন। সূত্রের খবর অনুযায়ী, শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলিতে দলের রণনীতি নিয়ে আলোচনা করতেই দিল্লি যাচ্ছেন তিনি। সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরে সেদিনের বৈঠক বসতে চলেছে বলে জানা গিয়েছে।

আলাদা করে ধরনায় তৃণমূল
বর্ষাকালীন অধিবেশনে আচরণের কারণে রাজ্যসভার যে ১২ জন সাংসদকে শীতকালীন অধিবেশনের পুরো সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূল শান্তা ছেত্রী এবং দোলা সেন। এর প্রতিবাদে বাকি সাংসদদের মতোই এঁরা দুজন প্রতিদিনই ধরনায় বসছেন, সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে। লোকসভা কিংবা রাজ্যসভা থেকে ওয়াক আউটের প্রশ্নে তৃণমূল সাংসদরা অন্য বিরোধীদের সঙ্গে যাচ্ছেন না। এবিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে।

কংগ্রেস নিয়ে পরবর্তী অবস্থানও ঠিক হতে পারে
তৃণমূলের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে যে ভাবে কংগ্রেসের লড়াই করা উচিত ছিল, তা তারা করছে না। যে কারণেই বিজেপির বাড়বাড়ন্ত। রাজ্যে রাজ্যে কংগ্রেসের জায়গা দখল করতেও নেমে পড়েছে ঘাসফুল শিবির। যে কারণে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছে তাদের। সেই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদদের সঙ্গে বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

জাতীয়স্তরে শক্তি বাড়াচ্ছে তৃণমূল
২০২১-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন তৃণমূলের কাছে ছিল চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জ তারা হেলায় জয় করেছে। তারপর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন রাজ্যে তৃণমূলের সংগঠন বিস্তারে মন দিয়েছে ঘাসফুল শিবির। ইতিমধ্যেই ত্রিপুরায় তৃণমূল তাদের উপস্থিতি জানান দিয়েছে। মেঘালয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার নেতৃত্বে ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছে। যার জেরে কংগ্রেস বিরোধী দলের আসন হারিয়েছে উত্তর-পূর্বের ছোট রাজ্যে। হরিয়ানা, উত্তর প্রদেশ এবং বিহারের বিভিন্ন দলের নেতারা যোগ দিচ্ছেন তৃণমূলে। লক্ষ্য হল ২০২৪-এর নির্বাচন, রাজ্যে, রাজ্যে বিজেপিকে চ্যালেঞ্জ জানানো।

১৩ ডিসেম্বর গোয়া যাচ্ছেন অভিষেক
দলের সাংসদ মহুয়া মৈত্রকে দায়িত্ব অর্পণের পরে এই প্রথমবার গোয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারের সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ও যেতে পারেন বলে সূত্রের খবর। দুদিনের জন্য তাঁরা গোয়ায় যাচ্ছেন বলেই খবর সূত্রের, রয়েছে ঠাসা কর্মসূচি। এর আগে প্রকাশিত হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই গোয়া যাচ্ছেন ১২ ডিসেম্বর। প্রসঙ্গত ২০২২-এর শুরুতে যে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন, তার মধ্যে গোয়াও রয়েছে। অক্টোবরের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় ঘুরে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরে একাধিক রাজনৈতিক ব্যক্তিব্ত তৃণমূলে যোগ দিতে পারেন।












Click it and Unblock the Notifications