চিটফান্ডের টাকা লাগিয়ে বিজেপি ভাঙার চেষ্টা তৃণমূলের! গুরুতর অভিযোগ মুকুলের
বিজেপি নেতা মুকুল রায়ের অভিযোগ, চিটফান্ডের টাকা কাজে লাগিয়ে বিজেপির সংগঠন ভাঙার চেষ্টা করা হচ্ছে।
বাম আমলে রাজনীতি করতে অসুবিধা হতো না কিন্তু ভোট করা যেত না। তৃণমূল আমলে বিরোধীদের কথা শোনা হয় না। শুধু তাই নয়, এই আমলে রাজনীতিটুকুও করা যাচ্ছে না বলে অভিযোগ করলেন একসময়ের তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়। পাশাপাশি তাঁর অভিযোগ চিটফান্ডের টাকা কাজে লাগিয়ে বিজেপির সংগঠন ভাঙার চেষ্টা করা হচ্ছে।

মুকুলের অভিযোগ, জলপাইগুড়ির পুলিশ সুপার, ডেপুটি সুপার ও ওসি স্থানীয় চিটফান্ডের থেকে উৎকোচ গ্রহণ করে বিজেপির সংগঠন ভাঙার চেষ্টা করছে।
চিটফান্ডের নামও জানিয়েছেন মুকুল রায়। তাঁর দাবি, বিজেপির তরফে সিবিআই তদন্তের দাবি করা হচ্ছে। জলপাইগুড়ির উৎকোচগ্রহণকারী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই যাতে তদন্ত শুরু করে ব্যবস্থা নেয় তার জন্য মুকুল আবেদন করেন।
মুকুলের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বও দুর্নীতিতে জড়িয়ে রয়েছে। বিজেপিকে উত্ত্যক্ত করার পিছনে শাসক দলের ষড়যন্ত্র রয়েছে বলেই দাবি এই বিজেপি নেতার। উত্তরবঙ্গ ঘুরে ঘুরে ছোট ছোট কর্মিসভা করছেন মুকুল। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়িতে সংগঠনকে মজবুত করে পুরভোটে বাজিমাত করতেই বিজেপি মুকুলকে সংগঠনের কাজে ব্যবহার করছে।












Click it and Unblock the Notifications