মোদীর যাত্রাপথ মমতার ছবিতে ভরিয়ে তুলবে তৃণমূল, মিশন ২০১৯-এর টক্কর শুরু
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের যাত্রাপথ মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছিল বীরভূমে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেদিনীপুর সফরেও একই পন্থা অবলম্বন করল তৃণমূল
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের যাত্রাপথ মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছিল বীরভূমে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেদিনীপুর সফরেও একই পন্থা অবলম্বন করল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী আসার পথ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির হোর্ডিং আর কাট আউটে ভরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।

তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সম্প্রতি নির্দেশ দিয়েছেন তৃণমূলের জেলা নেতৃত্বকে। একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় এসে তিনি মেদিনীপুর জেলা নেতৃত্বকে নির্দেশ দেন। তিনি বলেন, এই জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনভাবে উপস্থাপিত করুন, যাতে বাংলায় এসে নরেন্দ্র মোদী উপলব্ধি করেন, বাংলায় তাঁদের থাবা বসানো বৃথা চেষ্টা।
রাজ্য সভাপতির নির্দেশের পর জেলা সভাপতি অজিত মাইতি বলেন, আমরা পরিকল্পনা করে ফেলেছি। বাংলা, হিন্দি, ইংরেজি- তিন ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিং লিখব। যাতে সবাই বুঝতে পারেন, এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখানে অন্য কারও জায়গা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলায় শেষ কথা।
উল্লেখ্য, ১৬ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেদিনীপুর আসছেন কেন্দ্রীয় সরকারের কৃষি মন্ত্রকের এক অনুষ্ঠানে অংশ নিতে। সেই অনুষ্ঠান কার্যত রাজনৈতিক অনুষ্ঠানে পরিবর্তিত হয়েছে। ধান-সহ ১৪টি খরিফ চাষের সহায়ক মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। সেই কারণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর জন্য মেদিনীপুরে কৃষক কল্যাণ সমাবেশের আয়োজন করেছে বিজেপি। মোদীর এই সফরের যাত্রাপথকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে সাজিয়ে তোলার পরিকল্পনা তৃণমূলের।
মেদিনীপুরেও পাল্টা সভা করবে তৃণমূল কংগ্রেস. ১৩ জুলাই মেদিনীপুরের সভা আপাতত স্থগিত রাখা হচ্ছে। মোদীর সভার পরই সেই সভা করা হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। সামনেই একুশে জুলাইয়ের সমাবেশ। তার মাঝখানে মেদিনীপুরের সভার দিনক্ষণ এখনও স্থির করেনি নেতৃত্ব।












Click it and Unblock the Notifications