বিজেপিতে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত সদস্যা তৃণমূলে, বিধায়কের হাত ধরে পঞ্চায়েত দখল
২০২১-এর বিধানসভা ভোটের পর থেকে রাজ্যজুড়ে ভাঙন ধরেছে বিজেপিতে। নিয়ম করে দলবদল চলছে বিজেপি থেকে তৃণমূলে। তার জেরে একের পর এক গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হচ্ছে।
২০২১-এর বিধানসভা ভোটের পর থেকে রাজ্যজুড়ে ভাঙন ধরেছে বিজেপিতে। নিয়ম করে দলবদল চলছে বিজেপি থেকে তৃণমূলে। তার জেরে একের পর এক গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া হচ্ছে। আর গ্রাম পঞ্চায়েত বোর্ড গড়ছে তৃণমূল। এবার এই তালিকায় যুক্ত হতে চলেছে পশ্চিম মেদিনীপুরের একটি গ্রাম পঞ্চায়েত।

শনিবার পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড়ের বিধায়কের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সদস্যা কাকলি পাল দাস। এর ফলে নারায়ণগড় বিধানসভার বেলদা ৮/১ গ্রাম পঞ্চায়েতে সংখ্যালঘু হয়ে পড়ল বিজেপি। তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়। ফলে ওই গ্রাম পঞ্চায়েতটি বিজেপির হাতছাড়া হতে চলেছে এবং এখানে নতুন বোর্ড গড়তে চলেছে তৃণমূল।
তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এদিন যোগদান অনুষ্ঠান হয়। এই যোগদান অনুষ্ঠান কাকলিদেবীর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক সূর্যকাণ্ত অট্ট। কাকলি পাল দাসের যোগদানে তৃণমূল সংখ্যাগরিষ্ঠ হওয়ায় শীঘ্রই এই গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আনা হবে বলে জানান বিধায়ক স্বয়ং।
উল্লেখ্য, বেলদা ৮/১ গ্রাম পঞ্চায়েত ১৩ জন সদস্যকে নিয়ে গঠিত। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতে বিজেপি জয় পায় সাতটি আসনে। আর তৃণমূল পায় ৬টি আসন। ফলে বিজেপি সংখ্যাগরিষ্ঠ হয়ে পঞ্চায়েতটি দখল করে। কিন্তু কাকলি পাল দাসের দলবদলে পাশার দান উল্টে যায়। তৃণমূল হয়ে যায় সংখ্যাগরিষ্ঠ। ফলে এবার এই পঞ্চায়েতেটি দখল করতে চলেছে তৃণমূল।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর পঞ্চায়েত সদস্যা কাকলি পাল দাস বলেন, সাড়ে তিন বছর ধরে এই গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে থাকলেও কোনও উন্নয়ন হয়নি। সব কাজেই বাধা দিতেন দলের নেতারা। আর সেজন্যই উন্নয়নের স্বার্থে দলবদল করে তৃণমূলে যোগ দিলেন তিনি। তাঁর বিশ্বাস তৃণমূল কংগ্রেসের হাতে পঞ্চায়েতের প্রভূত উন্নয়ন হবে।
বিজেপি জানিয়েছে, তাঁদের গ্রাম পঞ্চায়েত সদস্যা ভুল বুঝিয়ে দলে নেওয়া হয়েছে। এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাঁদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে সামিল হতেই তিনি দলবদল করেছেন। বিজেপির কোনও উন্নয়ন ভাবনা নেই, তা আজ প্রমাণিত। তাই বিজেপিতে ভাঙন অব্যাহত।
বিধানসভা ভোটের আগে তৃণমূলে ভাঙন লেগেছিল। কিন্তু একটা জয় পুরো পরিস্থিতি বদলে দিয়েছে। ফের তৃণমূল কংগ্রেস পরিপূর্ণ হচ্ছে। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন দলত্যাগীরা। মুকুল রায়-সহ চার বিজেপি বিধায়ক ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূলে যোগ দিয়েছেন সাংসদ বাবুল সুপ্রিয়ও। আরও অনেকে বিজেপি ছেড়ে তৃণমূলের লাইনে রয়েছেন বলে দাবি করা হচ্ছে।












Click it and Unblock the Notifications