ভাঙনের ধারা অব্যাহত বিজেপিতে, প্রধান-উপপ্রধানের দলবদলে পঞ্চায়েত দখল তৃণমূলের
বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর বিজেপিতে ভাঙনের ধারা অব্যাহত রয়েছে। নিচুতলার নেতা-কর্মীরা দল ছাড়ছেন আর একের পর এক পঞ্চায়েতের দখল হারাচ্ছে বিজেপি।
বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর বিজেপিতে ভাঙনের ধারা অব্যাহত রয়েছে। নিচুতলার নেতা-কর্মীরা দল ছাড়ছেন আর একের পর এক পঞ্চায়েতের দখল হারাচ্ছে বিজেপি। তৃণমূলে যোগদানে এক লপ্তে পঞ্চায়েতের ক্ষমতাও তৃণমূল কংগ্রেসের হাতে চলে এসেছে। দক্ষিণবঙ্গের জঙ্গলমহলের পাশপাশি উত্তরের কোচবিহারেও পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান উপপ্রধানের
বিজেপিতে কাজের সুযোগ নেই- এই অভিযোগ তুলে দল ছাড়লেন খোদ ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তিনি বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যোগদান করেন। ফলে পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল কংগ্রেস। বিজেপির দাবি, উপপ্রধানকে জোর করে তৃণমূলে যোগদান করানো হয়েছে। গ্রাম পঞ্চায়েতের দখল নিতেই উপপ্রধানকে জোর করে যোগদান করানো হয় বলে অভিযোগ। যদিও উপপ্রধান নিজে তা অস্বীকার করছেন।

আগেই অনাস্থা প্রস্তাব বিজেপির প্রধানের বিরুদ্ধে
ঝাড়গ্রামের এই গ্রাম পঞ্চায়েতটি দখল করে বিজেপি। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ৮টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ৬টি। বাকি দুটি আসনে জয়ী হয় তৃণমূল। পরে বিজেপির ৩ জন পঞ্চায়েত সদস্য যোগ দেন তৃণমূল কংগ্রেসে। ফলে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫। এরপরই অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল বিজেপির প্রধানের বিরুদ্ধে।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই মিছিল করে পঞ্চায়েতে
শুক্রবার আস্থা ভোট ছিল পঞ্চায়েতে। তার আগে বিজেপি ছেড়ে উপপ্রধান আবার যোগদান করেন তৃণমূলে। ফলে এই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ ও বিজেপির ২। এদিন উপপ্রধান রাসমনি সোরেনের সঙ্গে বেশ কিছু বিজেপি কর্মীও তৃণমূলে যোগদান করেন। তাঁরা এরপর মিছিল করে গ্রাম পঞ্চায়েতে যান।

তৃণমূলে যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে তোপ
ঝাড়গ্রামের সাঁককরাইল ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েত পাঁচটি পাঁচটি করে ভাগ করে নিয়েছিল তৃণমূল বিজেপি। এদিন ছত্রী গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা হারানোর পর তৃণমূলের ক্ষমতাসীন পঞ্চায়েতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। আর বিজেপির পঞ্চায়েতের সংখ্যা কমে হল চার। তৃণমূলে যোগ দিয়েই উপপ্রধান ও পঞ্চায়েতের সদস্যরা বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন।

জঙ্গলমহলের পর রায়গঞ্জেও তৃণমূলের পঞ্চায়েত
শুধু জঙ্গলমহলের এই পঞ্চায়েতই নয়, তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কমলাবড়ি দু-নম্বর গ্রাম পঞ্চায়েতও দখল করে সম্প্রতি। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ তিনজন সদস্য। ফলে রায়গঞ্জের কমলাবাড়ি দু-নম্বর গ্রাম পঞ্চায়েত চলে আসে তৃণমূল কংগ্রেসের দখলে।

তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পঞ্চায়েত দখল করে
এই গ্রাম পঞ্চায়েতের ১৩টি আসনের মধ্যে বিজেপি ৯টি ও তৃণমূল ৪টি আসন পায়। বিজেপিতে থেকে উন্নয়নমূলক কোনও কাজ করতে পারছেন না, তাই প্রধান যমুনা বর্মন-সহ তিনজন যোগ দেন তৃণমূলে। ফলে তৃণমূল বেড়ে হয় ৭ এবং বিজেপি কমে ৬। তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পঞ্চায়েত দখল করে।












Click it and Unblock the Notifications