মিথ্যা মামলার অভিযোগে ফের অনশনে জেলবন্দি কুণাল ঘোষ

সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের সাংসদ কুণাল ঘোষ। শুক্রবার জলপাইগুড়িতে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজস্ট্রেটের সামনে পেশ করা হয় কুণালবাবুকে। সিআইডি ইতিমধ্যে আবেদন জানিয়েছিল তাঁকে হেফাজতে নেওয়ার জন্য। সেই আর্জি মোতাবেক বিচারক শান্তনু দত্ত কুণালবাবুকে সিআইডি-র হেফজাতে দিয়ে দেন।
এর পরই গতকাল বিকেল থেকে কুণাল ঘোষ অনশন শুরু করেন। জল পর্যন্ত খেতে অস্বীকার করেন। রাতেও কিছু খাননি। শনিবার দুপুরেও ফিরিয়ে দেন খাবার। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, "আমি পুলিশকে সব রকম সহযোগিতা করছি। সব তথ্য দিয়েছি। তবুও আমাকে একের পর এক মামলা সাজিয়ে ফাঁসানো হচ্ছে। এর প্রতিবাদেই অনশন। " প্রসঙ্গত, কিছুদিন আগেও দমদম সেন্ট্রাল জেলে একই কারণে অনশন শুরু করেছিলেন কুণাল। তিনি বলেছিলেন, জেল থেকে তাঁকে বেরোতে দিতে চায় না সরকার। তাই একের পর এক ভুয়ো মামলা সাজিয়ে তাঁকে জড়িয়ে দেওয়া হচ্ছে। তখন অসুস্থও হয়ে পড়েছিলেন তিনি। কিছুদিন ভর্তি থাকতে হয়েছিল জেল হাসপাতালে। এবার জলপাইগুড়ি কারাগারে শুরু করলেন অনশন।
সিআইডি অবশ্য কুণাল ঘোষের এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, তথ্যপ্রমাণের ভিত্তিতেই মামলা করা হয়েছে। এর পিছনে কোনও ষড়যন্ত্র নেই।












Click it and Unblock the Notifications