কীর্তির উদ্যোগে স্বস্তিতে আমজনতা, কাটোয়া-বর্ধমান রুটে চালু হচ্ছে একজোড়া ইএমইউ লোকাল
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদের উদ্যোগে মিটতে চলেছে বর্ধমান ও কাটোয়ার মধ্যে যাতায়াত করা সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি। হাওড়া ডিভিশনের এই রুটে ২২ অগাস্ট থেকে চালু হচ্ছে একজোড়া নতুন ইএমইউ লোকাল পরিষেবা।

তিনি যে এই রুটে ট্রেন বাড়ানোর দাবি জানিয়ে রেল মন্ত্রকে চিঠি দিয়েছিলেন তা ফেসবুকে পোস্ট করে কীর্তি আজাদ লিখেছেন, "কাটোয়া-বর্ধমান রুটে দীর্ঘদিন ধরে মানুষ নতুন ট্রেনের দাবি জানিয়ে আসছিলেন। আপনারা বারবার আমাকে জানিয়েছেন যাত্রার ভোগান্তির কথা, সমস্যার কথা। রেল কর্তৃপক্ষকে বারবার চিঠি দিয়ে আমি বিষয়টি তুলে ধরেছিলাম। বার বার ডিভিশনাল মিটিংয়ে এই বিষয়টি তুলে ধরা হয়। সেই দীর্ঘ প্রচেষ্টার ফলস্বরূপ ২২ অগাস্ট থেকে চালু হচ্ছে একজোড়া নতুন EMU লোকাল। এই ট্রেন কেবল যাতায়াতের জন্য নয়, এটি জনগণের দীর্ঘদিনের চাওয়ার প্রতিফলন। তবে আগামী দিনের দাবি আর একজোড়া ট্রেন কমপক্ষে আমাদের চাই-ই চাই। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনাদের কণ্ঠস্বর হবো। আজ সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ দেখতে পাচ্ছেন আপনারা। দীর্ঘ অপেক্ষার অবসান, জনগণের জয়।"
রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, ২২ অগাস্ট থেকে ৩৫০২৪ কাটোয়া-বর্ধমান লোকাল বেলা ১টা ৫০ মিনিটে কাটোয়া ছে়ড়ে বিকেল ৩টে ১০ মিনিটে বর্ধমানে পৌঁছবে। এরপর বিকেল চারটের সময় ৩৫০২৩ বর্ধমান-কাটোয়া লোকাল বর্ধমান থেকে ছেড়ে বিকেল ৫টা ২০ মিনিটে কাটোয়া পৌঁছবে। তবে কীর্তি আজাদ চান, এর পাশাপাশি বর্ধমান ও কাটোয়ার দিক থেকে দুটি লোকাল ট্রেন সকাল ১১টা ৪৫ মিনিটেও ছাড়ুক।
কীর্তি রেলের কাছে আরও যে দাবিগুলি জানিয়েছেন তা হলো, খানা থেকে বোয়াইচণ্ডী পর্যন্ত রেল প্রকল্পের কাজ পুনরায় চালুর। এই প্রকল্পে ২০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, ১০০ শতাংশ জমি অধিগ্রহণের পরেও কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন দামোদর নদের উপর ব্রিজ তৈরি হয়েছে। কয়েক বছর আগে দক্ষিণ-পূর্ব রেল বর্ধমান ও গলসির মধ্যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে হাই পিলারও তৈরি করে ফেলেছে। তারপরও কাজ বন্ধ! এই প্রকল্পের কাজ শেষ হলে বাঁকুড়ার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ স্থাপন সম্ভব হবে অনেকটা সংক্ষিপ্ত রুটের মাধ্যমে।
এ ছাড়া সতীপীঠ অট্টহাস ও বহুলা এবং একটি কালী মন্দিরের কাছাকাছি নিরোলগ্রাম হল্ট স্টেশনটি ২০০৬ সাল থেকে বন্ধ রয়েছে। এটি চালু হলে পুণ্যার্থীদের সুবিধা হবে বলে রেলকে জানিয়েছেন কীর্তি।












Click it and Unblock the Notifications