নারদ কাণ্ডে ইডি দফতরে হাজিরা তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের
নারদ কাণ্ডে ইডি দফতরে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। এদিন নির্দিষ্ট সময়েই হাজিরা দেন অপরূপা। পুজোর আগেই তাঁর কাছে নোটিস পাঠানো হয়েছিল
নারদ কাণ্ডে ইডি দফতরে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। এদিন নির্দিষ্ট সময়েই হাজিরা দেন অপরূপা। পুজোর আগেই তাঁর কাছে নোটিস পাঠানো হয়েছিল।

সূত্রের খবর, ম্যাথু স্যামুয়েলের সঙ্গে তাঁর পরিচয় কী ভাবে সেই উত্তর জানতে চান ইডি আধিকারিকরা। নারদ কর্তার কাছ থেকে টাকা নিয়ে তিনি কোন কাজে লাগিয়েছেন, সেই প্রশ্নও করেন ইডি আধিকারিকরা।
২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে কলকাতার বিজেপি অফিস থেকে নারদার ভিডিও প্রকাশ করা হয়। তাতে দেখা যায় নারদ কর্তা ম্যাথু স্যামুয়েল টাকা দিচ্ছেন। খানাকুলের ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান ইলিয়াস চৌধুরীর বাড়িতে বসে অপরূপা পোদ্দারকে টাকা নিতে দেখা গিয়েছিল। বুধবার দুপুরে সেই বাড়িতেই যান সিবিআই আধিকারিকরা। নেতৃত্বে ছিলেন সিবিআই কর্তা রণজিৎ সিং। ওই বাড়িতে গিয়েছিলেন অপরূপার স্বামী শাকির আলিও। সিবিআই আধিকারিকরা বাড়ির সব কিছু খতিয়ে দেখেন। বাড়ির বেশ কিছু অংশের ছবিও তোলেন তাঁরা। সেই সময়কার ভিডিও ফুটেজও দেখানো হয়। যে ঘরে বসে টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ, সেই ঘরের কিছু পরিবর্তন করা হয়েছে। সূত্রের খবর ঘরের পরিবর্তননের কথা স্বীকার করে নিলেও, ইলিয়াস জানান, তাঁর বাড়িতে বসে টাকা নেওয়ার কথা তিনি জানেন না।
এর আগে এপ্রিল মাসে নারদকাণ্ডে সিবিআই-এর করা এফআইআর খারিজের মামলা করেছিলেন তিনি। ৩১ অগাস্ট রিষড়ার গান্ধী সড়কে অপরূপা পোদ্দারের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা।
রিষড়া পুরসভায় তফসিলিদের জন্য সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছিলেন অপরূপা । এরপর আর ফিরে তাকাতে হয়নি। ২০১১-র রাজনৈতিক পরিবর্তনের পর নিজের ভবিষ্যতের পথ পরিবর্তনে সচেষ্ট হন অপরূপা। বিবাহ সূত্রে তিনি এখন আফরিন আলি। একসময়ে অপরূপা জায়গা পেয়েছিলেন তৎকালীন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়ের বৃত্তে।












Click it and Unblock the Notifications