Abhishek Banerjee: পুরো 'ভাঁওতা'! "ভোট দিলে লাড্ডু, ভোট না দিলে বঞ্চনা," কেন্দ্রকে বাজেট-তোপ অভিষেকের
Abhishek Banerjee: কেন্দ্রীয় বাজেটের তীব্র বিরোধিতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রের বাজেট (Union Budget 2025) ভাঁওতা বলে কটাক্ষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সাতগাছিয়ায় সেবাশ্রয় শিবির পরিদর্শনে এসে সাংবাদিকদের মুখোমুখি হন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ (TMC MP) অভিষেক। বাজেট নিয়ে কেন্দ্রকে আপাদমস্তক তুলোধনা অভিষেকের।
অভিষেক বলেন, " ১২ লক্ষ বার্ষিক আয়ে করছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ মাসে এক লক্ষ টাকা আয়। ১২ লাখের আয়ের মানুষকেও নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হয়। জল ছাড়া সবেতেই জিএসটি। জিএসটি বাবদ যদি তাকে ৯৮ হাজার টাকা দিতে হয়, মুদ্রাস্ফীতি বাড়ছে, এর দায় কার? পরিসংখ্যান পেশ করে বলুন না। ফাঁকা কলসির মতো বাজেট, ফাঁকা কলসির আওয়াজ বেশি।"

কেন্দ্রের বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগ অভিষেক ব্যানার্জির। বিহারকে ঢালাও বরাদ্দ করা হলেও বাংলার জন্য কিছুই বরাদ্দ করা হয়নি বলে অভিযোগ অভিষেকের। তিনি বলেন, "বাংলার জন্য কী বরাদ্দ করেছে? বাংলাতেও বিজেপির ১২টা সাংসদ। বিহারেরও ১২টা বিজেপি সাংসদ। অথচ বিহারকে ঢালাও বরাদ্দ। অন্য রাজ্য পাক, তাতে অসুবিধা নেই, কিন্তু বাংলাকে কেন নয়?"
বাজেটে কেন্দ্রের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ অভিষেকের। বাংলার মানুষ বিজেপিকে ভোট দেয়নি বলেই বাজেটে বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তিনি বলেন, "বাংলার মানুষ মাথা নত করেনি বলে বাজেটে বঞ্চনা। ভোট দিলেই লাড্ডু, আর ভোট না দিলে বঞ্চনা। বাংলা স্বাধীনতা সংগ্রামীদের রাজ্য। কোনওদিন বশ্যতা স্বীকার করা হবে না।"
রাজ্যের বাজেট নিয়ে অভিষেকের দ্রুত কোনও প্রতিক্রিয়া না আসায় রাজনৈতিক মহলে কানাঘুষো শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়াতেও অভিষেক আলাকা করে কোনও বিবৃতি দেননি। তবে বৃহস্পতিবার রাজ্যের বাজেটের ভূয়সী প্রশংসা অভিষেকের। রাজ্য বাজেটে মাদ্রাসা শিক্ষায় বেশি বরাদ্দ নিয়ে তোষণের অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। এদিন তাঁরও পাল্টা আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বলেন, "যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী পাচ্ছে, বিনামূল্যে রেশন পাচ্ছে, তাঁদের কি জাতি দেখে দেওয়া হয়? সুকান্ত মজুমদারের উচিত আত্মবিশ্লেষণ করা। বালুরঘাটে বিজেপি ৫ হাজার ভোট কম পেলে হেরে যেতেন। এনডিএ সরকার তাঁকে মন্ত্রী করেছে। গত ৯ মাসে উনি বাংলার জন্য কী করেছেন, তাঁর উচিত শ্বেতপত্র প্রকাশ করে তা প্রমাণ করা।"












Click it and Unblock the Notifications