Abhishek Banerjee: "এটাই পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখলের মোক্ষম সময়," পহেলগাঁও কাণ্ডে বড়সড় দাবি অভিষেকের
Abhishek Banerjee: পেহলগাঁওতে জঙ্গি হামলার দিনই কেন্দ্রকে নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৫ দিন পর ফের জঙ্গি হামলা সংক্রান্ত পোস্টে এক্স হ্যান্ডেলে নাম না করে বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জঙ্গি হামলায় কোথায় ব্যর্থতা, তা খতিয়ে দেখা হচ্ছে না বলে দাবি অভিষেকের। একইসঙ্গে পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখলের সময় এসেছে বলেও উল্লেখ করলেন অভিষেক।
এক্স পোস্টে অভিষেক লেখেন, "গত কয়েকদিন ধরে প্রথম সারির সংবাদমাধ্যমগুলি ও কেন্দ্রীয় সরকারের আচরণের উপর নজরদারি রেখে চলেছি। তাতে যা মনে হয়েছে, ব্যর্থতার দিকগুলি ভালো করে তদন্ত না করে একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে অন্য আরেকটি ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এখন সস্তা রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ইস্যুর মীমাংসা করার সময় এসেছে।"

গত মঙ্গলবার পহেলগাঁওতে ২৬ জন নিরীহ পর্যটককে খুন করে জঙ্গিরা। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের মদতপুষ্ট লস্কর ই তৈবার ছায়া সংগঠন টিআরএফ। তারপর থেকে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধের আগুনে ফুঁসছে গোটা দেশ। এদিন এক্স পোস্টে অভিষেক আরও লেখেন, "এখন পাকিস্তানে ফের সার্জিক্যাল স্ট্রাইকের বা প্রচ্ছন্ন হুমকি দেওয়ার সময় নয়। ওদের উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে। যে ভাষায় ওরা বোঝে সেই ভাষাতেই শিক্ষা দিতে হবে। পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখলের এটাই সময়।"
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল মঙ্গলবার দুপুরে জম্মু কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর রাতে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। সেখানে কেন্দ্রকে সরাসরি নিশানা করে তিনি লিখেছিলেন, "জম্মু কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনা শুধুই দুর্ভাগ্যজনক নয়, সাথে ভয়ানকও। ভারতের সরকারের এটা থেকে সতর্ক হওয়া উচিত।"
এরপরই কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে অভিষেকের সরাসরি আক্রমণ, "এই একই সরকার বলেছিল নোটবন্দি করলে কালো টাকা বেরিয়ে আসবে ও সন্ত্রাসে মদত দেওয়া কমবে। এরাই বলেছিল ৩৭০ ধারা রদের ফলে এলাকায় শান্তি ফিরে আসবে। তারপরেও এই ভয়াবহ হামলা প্রমাণ করে দিল, আদতে সব প্রতিশ্রুতি, প্রচারই মিথ্যে।" হামলা নিহতদের পরিবারকে গভীর সমবেদনাও জানান অভিষেক। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতার কামনাও করেন।












Click it and Unblock the Notifications