আজ পুরুলিয়ার সভায় মুকুলকে টার্গেট করে কোন বার্তা দেবেন অভিষেক, বাড়ছে জল্পনা
পুরুলিয়ায় এসে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে গিয়েছিলেন মুকুল রায়। সেটার পাল্টা হিসাবেই এদিন পুরুলিয়ায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বড়দিনে পুরুলিয়া সফর করে বিজেপির শক্তিপরীক্ষা করে গিয়েছেন প্রাক্তন তৃণমূলের 'সেকেন্ড ইন কম্যান্ড' মুকুল রায়। পঞ্চায়েত ভোটে দলকে শক্ত খুঁটির উপরে দাঁড় করাতে বিজেপির সবচেয়ে বড় ভরসা মুকুল রায়ই। পুরুলিয়ায় এসে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে গিয়েছিলেন মুকুল রায়। সেটার পাল্টা হিসাবেই এদিন পুরুলিয়ায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন পুরুলিয়া শহরের অদূরে ছড়রায় সভা রয়েছে অভিষেকের। সেই জনসভা উপলক্ষ্যে সারা শহর পোস্টার ব্যানারে ছেড়ে গিয়েছে। জনসভার পাশাপাশি এই জেলায় বিজেপির পাল্টা ক্ষমতা প্রদর্শনের পথেও হাঁটতে চাইছে তৃণমূল।
মুকুল রায় জনসভা করে পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভাইপো অভিষেককে কড়া সমালোচনায় বিদ্ধ করেন। ভোটে চ্যালেঞ্জ করে গিয়েছেন। সেটার জবাব দিতেই গত কয়েকদিনে অভিষেকের সভা নিয়ে জোর প্রচার সেরেছে তৃণমূল।
পঞ্চায়েত ভোটে এই জেলার দায়িত্ব পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। সেজন্যই এদিন জনসভা করে ভোটের বাজনা বাজিয়ে দিতে চাইছে দলীয় নেতৃত্ব। এদিনের পরই জেলায় জনসংযোগের কর্মসূচি শুরু হয়ে যাবে। কোমর বেঁধে শাসক দল পুরুলিয়া বিজয়ে নেমে পড়বে। তবে সঙ্গে মুকুল ফ্যাক্টরকে যে মাথায় রাখা হচ্ছে তা এদিনে অভিষেকের জনসভার পরই পরিষ্কার হয়ে যাবে বলে মত ওয়াকিবহাল মহলের।












Click it and Unblock the Notifications