বারাসাত ও তমলুক নিয়ে বৈঠকে বড় নির্দেশ অভিষেকের, নন্দীগ্রাম নিয়ে বিশেষ পরিকল্পনা
বিধানসভা ভোটকে পাখির চোখ করে বিভিন্ন সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ক্যামাক স্ট্রিটের অফিসে তিনি বৈঠক করলেন তমলুক ও বারাসাত সাংগঠনিক জেলা নিয়ে। উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।
আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচিতে জনপ্রতিনিধিদের অংশ নিতে বলার পাশাপাশি ভিনরাজ্যে বাঙালি হওয়া আক্রান্ত যে পরিযায়ী শ্রমিকরা ফিরছেন তাঁদের পরিবারের পাশে থাকার কথা বলেন অভিষেক। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি ঠিক করে দিয়েছেন তা যথাযথভাবে পালনের কথাও বলেন অভিষেক। জনসংযোগ বাড়ানোর উপরেও জোর দিয়েছেন তিনি।

সূত্রের খবর, বারাসাতের বৈঠকে অভিষেক বলেন, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে লাগাতার সভা করুন। রোজ মানুষকে বোঝান যে, কেন্দ্র টাকা দিচ্ছে না, তবু বিভিন্ন প্রকল্প চালু রাখতে টাকা দিচ্ছে রাজ্য সরকার।
১ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে বকেয়া। যত দিন যাচ্ছে তত বাড়ছে বকেয়ার পরিমাণ। বঞ্চনার এই তথ্য বিস্তারিতভাবে তুলে ধরতে হবে। ভাষা আন্দোলন নিয়ে ইতিমধ্যেই দলনেত্রীর দেওয়া কর্মসূচি ব্লক স্তরে চালাতে হবে। যাঁরা পদে আছেন তাঁরা বেশি করে দলের কর্মীদের নিয়ে কাজ করুন। সংগঠনের দায়িত্বে নজর রাখতে হবে। যুব সভাপতির বয়স যেন ৪০ এর বেশি না হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি ও ব্লক সভাপতি যাতে এক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
তমলুক সাংগঠনিক জেলার বৈঠকে অভিষেক লোকসভার ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বলে সূত্রের খবর। তিনি বলেন, লোকসভার ফল অত্যন্ত খারাপ হয়েছে। কিন্তু বিধানসভায় সব দিক থেকে বিজেপিকে মোকাবিলা করতে হবে। জনপ্রতিনিধিদের প্রচুর দায়িত্ব আছে। নিজের জেলায়, নিজের কেন্দ্রে জনসংযোগ বাড়ান। (পূর্ব মেদিনীপুর জেলায়) দুটো আসন জেতার পরেও ওরা বঞ্চনা করছে, আমরা কাজ করছি, সেটা মানুষের কাছে তুলে ধরুন। বাড়ি বাড়ি যান, কোনও এলাকা বাদ দেবেন না।
তমলুক সাংগঠনিক জেলায় রয়েছে আটটি বিধানসভা আসন। সব কটি বিধানসভা কেন্দ্রেই এখন থেকে জোরকদমে প্রস্তুতির নির্দেশ দেন অভিষেক। উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা বলে পরিচিত পূর্ব মেদিনীপুরে লোকসভা নির্বাচনে মাত্র একটি বিধানসভা ক্ষেত্রেই এগিয়ে ছিল তৃণমূল, বাকি সব জায়গায় লিড বিজেপির। সে কারণেই জনসংযোগ বাড়ানোর উপর জোর দিলেন অভিষেক।
শুভেন্দু অধিকারী ২০২১ সালের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে। লোকসভা নির্বাচনে এই বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের চেয়ে লিড আরও অনেকটাই বাড়িয়েছে বিজেপি। এই আবহে সূত্রের খবর, নন্দীগ্রাম নিয়ে আলাদা বৈঠক করবেন অভিষেক। বেশ বড় পরিসরে। সেই বৈঠকে ডাকা হবে ব্লক, অঞ্চলের নেতাদেরও।












Click it and Unblock the Notifications