মোদীর জন্মদিনে ধুমধাম করে যজ্ঞ তৃণমূল বিধায়কের! মুহূর্তে জল্পনার পারদ ঊর্ধ্বমুখী
প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে মঙ্গলবার। দেশজুড়ে ধুমধাম করে তা পালন করছেন বিজেপির নেতা-কর্মী-সমর্থকরা। শুভেচ্ছার বন্যা বইছে সব মহল থেকেই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন মঙ্গলবার। দেশজুড়ে ধুমধাম করে তা পালন করেছেন বিজেপির নেতা-কর্মী-সমর্থকরা। শুভেচ্ছার বন্যা বইছে সব মহল থেকেই। তবে সেসব ম্লান করে দিয়ে সব নজর একা কেড়ে নিলেন তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়ক কি না নিজেই আয়োজন করেছে যজ্ঞের। সেই যজ্ঞের কারণ কিন্তু অন্য কিছু নয়, আজ মঙ্গলবার মোদীর জন্মদিন কি না!

নাম যখন সব্যসাচী, তখন চমক তো থাকবেই
আর বিধায়কের নাম যখন সব্যসাচী দত্ত, তখন তো চমক থাকবেই। ছিলও তা। অভিনেতা তথা বিজেপির নেতা সুমন বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে ধুমধাম করে যজ্ঞ হচ্ছে সল্টলেকে। সল্টলেকে সুইমিং পুলে এই যজ্ঞের আয়োজন করা হয়। বিজেপির কালচারাল কনভেনর সুমনকে নিয়ে সব্যসাচী এই যজ্ঞ করেন।

মোদীর মঙ্গল কামনায় আহুতি দান!
এই যজ্ঞ হয় সংগঠিত নাগরিক সমাজের ব্যানারে। নাগরিক সমাজের পক্ষ থেকে মোদীর জন্মদিন উপলক্ষ্যে পূজা-যজ্ঞের আয়োজন করা হয়। বিধাননগর এই ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত হাজির হন এই পুজোয়। আসনে বসে মোদীর মঙ্গল কামনায় আহুতিও দেন তিনি।

দলবদলের জল্পনা নিয়ে ফের চর্চা
এর ফলে তাঁর দলবদলের জল্পনা নিয়ে ফের চর্চা শুরু হয়। এখনও পর্যন্ত নিজে দলবদল করছেন বলে কোনও মন্তব্য করেননি। বরাবর তিনি দলবদলের জল্পনাকে উড়িয়ে দিয়েছেন। নানা অজুহাত খাঁড়া করেছেন। তবে গণেশ পুজোয় গোটা বিজেপির বঙ্গ নেতৃত্বের উপস্থিতির পর মোদীর জন্মদিনে যজ্ঞাহুতিতে মানুষের কাছে কিন্তু অন্যরকম বার্তা যেতে শুরু করেছে।

লুচি-আলুর দম সহযোগে ভুরিভোজের পর থেকেই
মুকুল রায়কে লুচি-আলুর দম সহযোগে ভুরিভোজ দিয়ে শুরু হয়েছিল বিতর্কের। সেই বিতর্ক কখনও বেড়েছে, কখনও কমেছে। কখনও মনে হয়েছে এই বুঝি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেলেন। কখনও মনে হয়েছে তিনি দুই দলকেই ল্যাজে খেলাচ্ছেন। এরই মধ্যে বিধাননগরের মেয়র পদ খোয়াতে হয়েছে তাঁকে।

ফের মোদীর জন্মদিনে এলেন লাইমলাইটে
তবে আজও তিনি তৃণমূল বিধায়ক, তথা তৃণমূল কাউন্সিলর। সেই তিনিই কি না মোদীর জন্মদিনে যজ্ঞ করলেন। আহুতি দিলেন, ফুল চড়ালেন মোদীর নামে। সব্যসাচী দত্ত সুযোগ পেলেই এমন কিছু করছেন, যা নজর তাঁর দিকে ঘুরে যাচ্ছে। তা না হলে ঘটা করে গণেশ পুজো করা, সেই পুজোয় বিজেপি নেতাদের দিয়ে উদ্বোধন থেকে মণ্ডপের মাথায় পদ্মফুল লাগিয়ে থিম তৈরির মধ্যেই তিনি স্পষ্ট করেছিলেন বার্তা। আবার কিছুদিন চুপচাপের পর তিনি মোদীর জন্মদিনে এলেন লাইমলাইটে।












Click it and Unblock the Notifications