'দায়িত্ব পালন না করলে সরানো হবে', পঞ্চায়েত ভোটের আগে হুঁশিয়ারি মদন মিত্রের
পঞ্চায়েত ভোটের আগে দলীয় কাউন্সিলরদের হুঁশিয়ারি মদন মিত্রের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মদন মিত্রের সেই ভিডিও। তাতে পানিহাটির বিধায়ক রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'দায়িত্ব পালন না করলে সরানো হবে। কাউন্সিলারদের অনেকেই নিজেদের হরিদাস পাল বলে মনে করছেন।' পঞ্চায়েত ভোটের আগে মদন মিত্রের হুঁশিয়ারি ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

মদন মিত্রের হুঁশিয়ারি
পঞ্চায়েত ভোটের আগে ফের সুর চড়ালেন পানিহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। দলীয় সভা থেকে দলেরই কাউন্সিলরদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মদন মিত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'দায়িত্ব পালন না করলে সরানো হবে। অনেক কাউন্সিলর নিজেদের হরিদাস পাল ভাবছেন। পার্টিই শেষ কথা। যাঁরা মেনে নিতে পারবেন না তাঁরা অন্য পার্টি করুন। টিএমসি করার প্রয়োজন নেই। দলই শেষ কথা বলবে।' হঠাৎ করে দলের কাউন্সিলরদের মদন মিত্রের এই কড়া বার্তার নেপথ্যে কোন কারণ রয়েছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

অভিষেকের সভার আগে বার্তা
আগামিকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে শহিদ মিনারে। সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। জেলা থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের বার্তা দিয়েই তৃণমূল কংগ্রেসের সেেকন্ড ইন কমান্ড এই সভা করেছেন। তার তোরজোর চলছে শাসক দলের অন্দরে। একুশের ভোটের জয়ের ধারা পঞ্চায়েত ভোটেও ধরে রাখতে চাইছে শাসকদল। পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

পঞ্চায়েত ভোটে হস্তক্ষেপে নারাজ আদালত
এদিকে আজই পঞ্চায়েত ভোট করানোর জট কেটেছে। আদালতে শুভেন্দু অধিকারীর করা মামলার রায় দিয়েছে হাইকোর্ট। তাতে আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত ভোটে হস্তক্ষেপ করা হবে না। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে পঞ্চায়েত ভোটে আর কোনও বাধা নেই। নির্বাচন কমিশন আইন মেনে দিন ঘোষণা করলেই হবে। এবার কেবল পঞ্চায়েতের দিন ঘোষণার অপেক্ষা।

কোমর কষছে বিজেপি
নিয়োগ দুর্নীতিতে জর্জরিত শাসক দল। এই সুযোগকে কাজে লাগিয়ে পঞ্চায়েত ভোটের ময়দানে নামতে চলেছে বিজেপি। ইতিমধ্যেই বিজেপি নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে। ইতিমধ্যেই এই নিয়ে তোরজোর শুরু করে দিয়েছে বিজেপি। নন্দীগ্রাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র। কাজেই এখানে আগে পঞ্চায়েত ভোটের প্রার্থী ঘোষণা করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications