'খালিস্তানি নেতাদের মতো কুড়মি ভাই-বোনদের ভুল বোঝাচ্ছে' শুভেন্দুর গড়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের
শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে কুড়মিদের আন্দোলনকে নিশানা তৃণমূল কংগ্রেস বিধায়ক অজিত মাইতির। পিংলার বিধায়ক কুড়মি আন্দোলনের নেতাদের খালিস্তানিদের সঙ্গে তুলনা করেছেন প্রকাশ্য মঞ্চে। এমনকী এই আন্দোলনের নেপথ্যে বিজেপির মদত থাকতে পারে বলে মনে করেছেন তিনি।
পিংলার তৃণমূল বিধায়কের এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সংরক্ষণের দাবিতে গত কয়েকদিন আগেই কুড়মিদের আন্দোলনের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল পশ্চিমের জেলাগুলির ট্রেন চলাচল। লাগাতার এক সপ্তাহ ধরে তারা ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

কুড়মি আন্দোলনের বিরোধিতা করে পিংলার তৃণমূল কংগ্রেস বিধায়ক অজিত মাইতি শনিবার বলেছেন, আমরা কুড়মি ভাইদের বিপক্ষে নই। কিন্তু কিছু কিছু কুড়মি নেতা খালিস্তানি নেতাদের মতো কুড়মি ভাই-বোনদের ভুল বোঝাচ্ছে। বিজেপি-সিপিএমেরও উস্কানি থাকতে পারে। কুড়মিরা এসটির তকমা চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই মর্যাদা দেওয়ার মালিক নন। তিনি মন্ত্রিসভায় পাশ করে দিল্লিতে পাঠিয়েছেন। এখন দিল্লিকে এই নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।'
তৃণমূল কংগ্রেসের এই মন্তব্যের সময় মঞ্চে উপস্থিত ছিলেন, মানস ভুঁইঞা, শ্রীকান্ত মাহাতরা। তাঁদের সামনেই এই বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। বিজেপিও এই নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করতে ছাড়েনি।

অন্যদিকে তৃণমূল বিধায়কের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কুড়মি সম্প্রদায়ের নেতারা। তিনি বলেছেন
'হক বুঝে নেওয়ার চেষ্টা করলেই কেউ বলছে মাওবাদী, কেউ আবার বলছে খালিস্তানি। হক বুঝে নেওয়া অধিকার কি নেই আমাদের?'
তৃণমূল কংগ্রেস বিধায়কের মন্তব্যের কড়া সমালোচনা করে পশ্চিম মেদিনীপুরের জেলা বিজেপি নেতৃত্ব বলেছেন,
তৃণমূল কংগ্রেস আদিবাসী এবং জনজাতিদের বিরোধী। সেকারণেই তৃণমূল কংগ্রেস বিধায়ক এভাবে কুড়মি সম্প্রদায়ের মানুষকে অপমান করতে পারছে তারা। এরকম মন্তব্য করার অধিকারী তাঁদের নেই বলে কড়া সমালোচনা করেছেন বিজেপি নেতা।












Click it and Unblock the Notifications