অ্যাসিড ঢেলে গলা পুড়িয়ে দেব! বিজেপিকে নিশানার সময় তৃণমূল বিধায়কের হুমকিতে জোর বিতর্ক
ফের বিতর্কে মালদহের তৃণমূল জেলা সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আবদুর রহিম বক্সী। বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষকে হুমকি দিয়ে তিনি বেফাঁস কথা বলতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ভিনরাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে এনায়েতপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে একটি কর্মসূচিতে যোগ দেন বিধায়ক। সেখানেই তিনি বিজেপিকে জোরদার নিশানা করেন। তারই মধ্যে টেনে আনেন বিধানসভার প্রসঙ্গ।

সম্প্রতি বিধানসভায় ভিনরাজ্যে বাঙালিদের উপর অত্যাচার ও বাংলা ভাষার অপমান নিয়ে বিশেষ অধিবেশন হয়ে গেল। মালতিপুরের বিধায়কের দাবি, সেই অধিবেশন চলাকালীন বিজেপির এক নেতা, যাঁর বাড়ি শিলিগুড়ি, তিনি বলেছেন, ৩০ লক্ষ যে পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে কাজ করেন, তাঁরা বাংলাদেশি, রোহিঙ্গা। এঁদের কেউ বাঙালি নন। উল্লেখ্য, নাম না নিলেও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষকেই যে তিনি নিশানা করেছেন তা বোঝা কঠিন নয়।
এখানেই না থেমে আবদুর রহিম বক্সী বলেন, "আর যদি ভবিষ্যতে তোমার মুখে বাঙালিদের বাংলাদেশি, রোহিঙ্গার মতো কথা শুনি, তাহলে মুখে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেব। কণ্ঠ বুজিয়ে দেব।" বিজেপির যাঁরা এই ইস্যুতে প্রতিবাদ করছেন না, তাঁদের বয়কট করারও ডাক দেন বক্সী। বলেন, বিজেপির পতাকা ছিঁড়ে দিন, তাঁদের বাড়ি ঘেরাও করুন, বাড়ির সামনে মিছিল করুন।
বিধায়ক যে মঞ্চ থেকে এই হুমকি দেন সেখানে ছিলেন জেলা পরিষদ সদস্য আবদুল হাই, জেলা পরিষদ সদস্য রেহেনা পারভীনরা। এমনকী বিজেপি সাংসদ খগেন মুর্মুকে পেটানোর হুমকিও দেন তৃণমূল বিধায়ক। পরে সংবাদমাধ্যমের কাছে তৃণমূলের জেলা সভাপতি বক্সী দাবি করেন, তিনি কোনও অগণতান্ত্রিক বক্তব্য রাখেননি। এটাই তৃণমূলের সংস্কৃতি বলে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।












Click it and Unblock the Notifications