TMC in Clash: যেকোনও ব্যাটিং অর্ডারেই সেরা দিতে পারি, পর্যটন দফতর হারিয়ে বার্তা বাবুল সুপ্রিয়ের
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় রদবদলে পর্যটন দফতরের দায়িত্ব বাবুল সুপ্রিয়ের হাত থেকে নিয়ে ইন্দ্রনীল সেনকে দিয়েছেন। সেই দফতর হারিয়ে বাবুল সুপ্রিয় বিশেষ বার্তা দিলেন। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে সাফ জানিয়ে দিলেন, যেকোনও ব্যাটিং অর্ডারে ব্যাট করে সেরাটা দিতে তিনি তৈরি।
পর্যটন দফতর হারিয়ে বাবুল বলেন, আমি শান্তিতে দিনের শেষ গান গাইতে চাই। যা হবার সবার সামনে হয়েছিল। আর এই পরিস্থিতিতে পার্টির পুরোধা মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ দেখিয়েছেন, আমরা সেই পথেই আছি। যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করব।

বাবুল বলেন, ভালো ফিল্মের খারাপ গানকে হিট হতে দেখেছি। আবার ভালো গানকেও ফ্লপ হতে দেখেছি। রিলেতে যা দেখানো হয়, রিয়েলে তা সবসময় হয় না। ঘর্ষণ যত কম হবে, মেশিনের এফিসিয়েন্সি তত বাড়বে। কোনও মন্ত্রিত্ব সর্বকালীন হতে পারে না।
বাবুল সুপ্রিয় বলেন, পর্যটনে সেরাটা দিয়েছিলাম। এবার যে দায়িত্ব দিয়েছে, সেখানেও সেরাটা দেব। দল যে ব্যাটিং অর্ডার দেবে, সেখানেই ব্যাট করতে রাজি। আর সেখানেই সেরাটা দিতে চাই। এর আগে বাবুল বলেছিলেন, তিনি প্রথম একাদশে থাকতে চান।
এখন তৃণমূলে এসে তিনি প্রথম একাদশে ঢুকে পড়েছেন। তিনি ব্যাটিং অর্ডারে স্থান বদল হয়েছে তাঁর। তাই নতুন ব্যাটিং অর্ডারেও নিজেকে প্রমাণ করতে তৈরি বাবুল সুপ্রিয়। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সুব্রত মুখোপাধ্যায়ের কেন্দ্র বালিগঞ্জে জিতে বিধায়ক হয়েছেন, হয়েছেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীও।
সম্প্রতি তাঁর হাতে থাকা পর্যটন দফতর চলে গিয়েছে ইন্দ্রনীল সেনের হাতে। তারপর থেকেই দুই গায়ক বিধায়ক তথা মন্ত্রীর মদ্যে তরজা শুরু হয়েছে। বাবুল সুপ্রিয় ও ইন্দ্রনীল সেনের বাগযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। একে অপরের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন।
বাবুল সুপ্রিয় সরাসরি বলেছেন, যে টেবিলে বসলে সম্মান থাকে না, সেই টেবিল ছেড়ে আমি চলে যাই। আর তারপরই কটাক্ষের সুরে ইন্দ্রনীল সেন বলেছেন, ও বাচ্চা ছেলে, সবে দলে এসেছে। আমরা চেষ্টা করব ওকে নিজের মতো রাখতে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মন্ত্রিসভা রদবদল করেন। সেখানে পর্যটন দফতরের হাত বদল হয়। বাবুল সুপ্রিয়র হাত থেকে ফের ইন্দ্রনীল সেনের হাতে তুলে দেওয়া হয়। আর এই হাতবদলের নেপথ্যে বাবুল-ইন্দ্রনীলের কথা কাটাকাটি রয়েছে বলে দাবি করা হয়। তারপরই গানের জগতের দুই মানুষের তাল কেটে গেল।












Click it and Unblock the Notifications