সবংয়ে প্রার্থীর নাম জানাল তৃণমূল, জোট ভেঙে বামফ্রন্টেরও পৃথক প্রার্থী, কী ভাবছে কংগ্রেস
প্রার্থীর নাম ঘোষণা করে বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল তৃণমূল। তবে কংগ্রেস এখনও প্রার্থীর নাম ঘোষণা না করলেও বামফ্রন্ট ঘোষণা করে দিল তাঁদের প্রার্থীর নাম।
সবং উপনির্বাচনের দলের প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই প্রচার শুরু করে দিয়েছিল তৃণমূল, এবার ৪৮ ঘণ্টার মধ্যেই প্রার্থী ঘোষণা করে ভোট-যুদ্ধে তুমুলভাবেই নেমে পড়ল তারা। সেইসঙ্গে বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এগিয়ে গেল ভোট-প্রচারে। তবে কংগ্রেস এখনও প্রার্থীর নাম ঘোষণা না করলেও বামফ্রন্ট ঘোষণা করে দিল তাঁদের প্রার্থীর নাম। ফলে জোট-জল্পনার অবসান ঘটল উপনির্বাচনে।
সবং কেন্দ্রের কংগ্রেস বিধায়ক ছিলেন মানস ভুঁইয়া। তিনি দল ছেড়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ হওয়ার পরই এই কেন্দ্রটি ফাঁকা হয়ে পড়ে। সেই ফাঁকা কেন্দ্রে উপনির্বাচনের দিন নির্ধারিত হয়েছে ২১ ডিসেম্বর। সেই ঘোষণা হতেই তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি মিলতেই মানস-জায়া গীতারানি ভুঁইয়াকে প্রার্থী করা হল সবংয়ে।

সবং কেন্দ্রটি মানস ভুঁইয়ার গড় হিসেবে পরিচিত। বরাবর এই কেন্দ্রটি জাতীয় কংগ্রেসকে বঞ্চিত করেনি। ২০১৬ সালেও এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন মানস ভুঁইয়া। এবার তাই মানস ভুঁইয়ার জনপ্রিয়তাকে কাজে লাগাতে তাঁর স্ত্রীকেই এই কেন্দ্রে প্রার্থী করল তাঁর নতুন দল তৃণমূল। মানসবাবুর আর্জি মেনেই এই সিদ্ধান্ত নিল দল।
পশ্চিম মেদিনীপুর সবং তৃণমূলী আমলেও কংগ্রেসের গড় রয়ে গিয়েছে। এমনকী মানস ভুঁইয়া দল ছেড়ে শাসকদলে গেলেও তৃণমূল এই কেন্দ্রে নিশ্চিত নয় জয়ের ব্যাপারে। সম্মানের যুদ্ধে জয় পেতে বদ্ধপরিকর তৃণমূল তাই আগেভাগে নেমে পড়েছে ময়দানে। তাই কোনওভাবেই ভুঁইয়া পরিবারকে অস্বীকার করতে পারেননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবংয়ের ভুঁইয়া পরিবারের ভাবাবেগও কাজে লাগাতে চাইছে তৃণমূল।
এদিকে বামফ্রন্টও তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করে দিল। কংগ্রেস অপেক্ষা করছিল তাঁদের তরফে সিপিএম তথা বামফ্রন্টকে জোটবার্তা দিয়ে। কিন্তু বামফ্রন্ট যে কংগ্রেসের সঙ্গে জোট এগিয়ে নিয়ে যেতে চায় না, তা ফের একবার স্পষ্ট করে দিল বাম নেতৃত্ব। উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ঘোষণা করে দেন, তাঁদের প্রার্থীর নাম রীতা মণ্ডল জানা। তিনি স্থানীয় একটি স্কুলের ক্লার্ক।
তৃণমূল ও বামফ্রন্ট এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিলেও কংগ্রেস এখনও তাঁদের প্রার্থীর নাম জানাতে পারেনি। ৪ ডিসেম্বর মনোননয়নের শেষ দিন। তার আগে গত নির্বাচনের জোটসঙ্গী বামফ্রন্টের তরফে তাঁরা বার্তা পেয়েই গিয়েছেন। জোট না হওয়ায় খানিকটা ব্যাকফুটেই কংগ্রেস। এখন তাঁদের ভাবনায় কাকে প্রার্থী করে এই যুদ্ধে তৃণমূল ও মানসকে উচিত শিক্ষা দেওয়া যায়।












Click it and Unblock the Notifications