কালনার পঞ্চায়েতে হাজার হাজার টাকা আত্মসাৎ! টাকা ফেরতের মুচলেকা অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাদের
কালনার পঞ্চায়েতে হাজার হাজার টাকা আত্মসাৎ! টাকা ফেরতের মুচলেকা অভিযুক্ত তৃণমূল নেতাদের
কালনা-২ নং ব্লকের অকালপৌষ গ্রাম পঞ্চায়েতের কুতুবপুর গ্রামে ১০০ দিনের কাজে (mgnrega) তৃণমূল কংগ্রেসের কুতুবপুর গ্রামের নেতা (বুথ সভাপতি বলে এলাকায় পরিচিত) আব্দুল মালেক পিতা মৃত বুনো সেখ, তাঁর স্ত্রী মেহেরুন্নেসা বেগম সহ তিন জন সুপারভাইজার ১) স্বপন বারিক, পিতা মৃত রাধাকান্ত বারিক ২) রবীন্দ্রনাথ কোড়া, ৩) মণিরুদ্দিন মণ্ডল, পিতা মৃত আব্দুল জব্বার মণ্ডল-এর করা বিপুল পরিমান আর্থিক দুর্নীতির ঘটনা প্রকাশ্যে। এমনটাই দাবি করা হয়েছে স্থানীয় সূত্রে।

সাধারণ মানুষের সামনে দুর্নীতি স্বীকার
সুপারভাইজার স্বপন বারিক, রবীন্দ্রনাথ কোড়া ও মণিরুদ্দিন মণ্ডল কুতুবপুর গ্রামের প্রায় তিনশো জন জবকার্ডধারী ও সাধারণ মানুষের উপস্থিতিতে স্বীকার করেন যে তাঁদের বিরুদ্ধে যে ১০০ দিনের কাজে অনিয়মের অভিযোগ তা সর্বাংশে সত্য এবং তাঁরা এই কাজ তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল মালেকের নির্দেশেই করতে বাধ্য হয়েছেন।

তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ
mgnrega-র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী আব্দুল মালেক ও তাঁর স্ত্রী মেহেরুন্নেসা বেগম ২০১৮ সালে ১০৭ টি কাজের মজুরী বাবদ ১৮৫০০(আঠারো হাজার পাঁচ শত) টাকা এবং ২০১৯ সালে ২৪ টি কাজের মজুরী বাবদ ৫৩৪৮(পাঁচ হাজার তিন শত আটচল্লিশ) টাকা মোট ২৩৮৪৮(তেইস হাজার আট শত আটচল্লিশ) টাকার কাজ করেছেন, কিন্তু সুপারভাইজাররা বলেন, আব্দুল মালেক ও তাঁর স্ত্রী কোন কাজ না করেই উক্ত অংকের টাকা আত্মসাৎ করেছেন।

দলের স্বার্থে
অন্য দিকে স্বপন বারিক, মণিরুদ্দীন মণ্ডল ও রবীন্দ্রনাথ কোড়া স্বীকার করেন যে আব্দুল মালেক ও তিনজন সুপারভাইজারের যোগসাজোসে স্বপন বারিকের স্ত্রী শ্রীমতি ফুলেশ্বরী বারিক ও ছেলের নামে ভুয়ো মাস্টার রোলে ২০১৬ সাল থেকে ২০২০ পর্যন্ত ৩৯৩ টি কাজের মজুরী বাবদ মোট ৬৯০০৫ (ঊনসত্তর হাজার পাঁচ) টাকা আত্মসাৎ করতে প্ররোচিত করেছেন তৃণমূল দলের স্বার্থে।

টাকে ফেরতের মুচলেকা
এখনও পর্যন্ত হদিশ পাওয়া আত্মসাৎ করা টাকার পরিমান ২৩৮৪৮ + ৬৯০০৫ = ৯২৮৫৩ (বিরানব্বই হাজার আটশত তিপান্ন) টাকা। সব টাকা আব্দুল মালেক, স্বপন বারিক, মণিরুদ্দিন মণ্ডল ও রবীন্দ্রনাথ কোড়া ফেরৎ দেবেন বলে সকলের উপস্থিতিতে লিখিত ভাবে মুচলেকা দিয়েছেন।












Click it and Unblock the Notifications