সুকান্ত-গড় ধূলিসাতে তৃণমূলের মাস্টারপ্ল্যান! অভিষেকের সঙ্গে বৈঠকের পর চাঙ্গা দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্ব
আগামী বছরের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে আসন বাড়ানোই লক্ষ্য তৃণমূল কংগ্রেসের। তার মধ্যে স্বাভাবিকভাবেই নজরে দক্ষিণ দিনাজপুর জেলা। এই জেলা থেকেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদারের উত্থান। সেই জেলাতেই বিজেপিকে নিশ্চিহ্ন করার টার্গেট নিয়েছে তৃণমূল কংগ্রেস।

গত মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটে দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্বর সঙ্গে বৈঠক করেছেন। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। জানা যাচ্ছে, দক্ষিণ দিনাজপুরের ছয়টি আসনের ছয়টিতেই জয় নিশ্চিত করতে জেলা নেতৃত্বকে বার্তা দিয়েছেন অভিষেক। লক্ষ্য পূরণে গোষ্ঠীকোন্দল মিটিয়ে একসঙ্গে চলার বার্তাও দেওয়া হয়।
কোন্দল মেটাতে জেলা কমিটির সভার সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
একুশের বিধানসভা ভোটে ভালো ফল করার পরেও লোকসভা নির্বাচনে বালুরঘাটে কেন হারতে হল? বৈঠকে সেই প্রশ্ন তোলেন অভিষেক। পাশাপাশি কোথায় কেন তৃণমূলের পরাজয়, তা পর্যালোচনা করে দেখতে জেলা নেতৃত্বকে পরামর্শ দেন। বালুরঘাট লোকসভা কেন্দ্র পুনরুদ্ধারে বুথ স্তরের সংগঠনকে শক্তিশালী করতেও নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।
বিধায়ক বিপ্লব মিত্র, রেখা রায়, তোরাফ হোসেন মণ্ডল, জেলা সভাপতি সুভাষ ভাওয়াল, আইএনটিটিইউসির জেলা সভাপতি নাজিমুর রহমান, তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভাপতি স্নেহলতা হেমব্রম, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার বৈঠকে উপস্থিত ছিলেন। ঘাসফুল শিবির সূত্রের খবর, এর আগে আইপ্যাক ও অভিষেকের নিজস্ব টিম জেলাজুড়ে সমীক্ষা চালিয়েছিল। তারা রিপোর্ট জমা করেছে। পাশাপাশি জেলা সভাপতিও তাঁর সুপারিশ রেখেছেন। সেই সমস্ত রিপোর্ট ও সুপারিশকে সামনে রেখে ব্লক ও জেলা কমিটি গঠন নিয়ে জেলা নেতৃত্বের সঙ্গে খোলাখুলি আলোচনা করে রাজ্য নেতৃত্ব। শীঘ্রই ওই কমিটিগুলির ঘোষণা হতে পারে বলে এদিন আভাস মিলেছে।
তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বলেছেন, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে যাতে ছয়টি আসনেই জয় সুনিশ্চিত করা যায়, সেজন্য বেশকিছু দাওয়াইয়ের কথা জানিয়েছে রাজ্য নেতৃত্ব।
উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনে ঘাসফুল শিবিরের প্রার্থী হয়েছিলেন বিপ্লব মিত্র। যদিও জয় আসেনি। বিজেপির সুকান্ত মজুমদারের কাছে হেরে যান তিনি। অনেকের মতে, বিপ্লবের পরাজয়ের পেছনে গোষ্ঠীদ্বন্দ্ব অনেকাংশে দায়ী।
সেকারণে বিধানসভা নির্বাচনের আগে এবার ব্লক ও জেলা কমিটি গঠনের ব্যাপারে সতর্ক রাজ্য নেতৃত্ব। বিপ্লব মিত্র বলেছেন, লোকসভার নিরিখে যে ৩টি আসনে পরাজিত হতে হয়েছে, সেগুলি পুনরুদ্ধার করাই লক্ষ্য। সেই মতো প্রস্তুতি চলছে।












Click it and Unblock the Notifications