এল দলবদলের মরশুম! লোকসভার প্রার্থী ঘোষণার পরই যাঁদের নিয়ে জল্পনা তুঙ্গে তৃণমূলে
লোকসভার দিন ঘোষণা হওয়ার পরই রাজ্য থেকে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তারপরই কয়েকজনের নাম নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
লোকসভার দিন ঘোষণা হওয়ার পরই রাজ্য থেকে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তারপরই কয়েকজনের নাম নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতির মহলে জোর চর্চা, তাঁরা যে কোনও মুহূর্তে দলত্যাগ করতে পারেন। যোগ দিতে পারেন বিজেপিতে। এই অবস্থায় লোকসভা নির্বাচনে কোনও প্রভাব পড়বে কি না, তা নিয়েও চলছে কাটাছেঁড়া।

বিশেষ করে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্র উঠছে বারাকপুর এবং কোচবিহার। বারাকপুরে দীনেশ ত্রিবেদীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধায়ক অর্জুন সিংয়ের ক্ষোভ যে প্রশমিত হয়নি, তা প্রার্থী তালিকা প্রকাশের পরই বোঝা গিয়েছে। অর্জুন সিং একইসঙ্গে স্বীকার করে নিয়েছেন, তাঁর সঙ্গে অনেকেরই যোগাযোগ রয়েছে বিজেপির।
সোমবার এক দফায় অর্জুন সিং ও দীনেশ ত্রিবেদীকে নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখোমুখি বসিয়ে মিটামাট করে দিলেও, তা যে মন থেকে মেনে নেননি অর্জুন, তা ঘনিষ্ঠ মহলে প্রকাশও করে ফেলেন। তারপর মঙ্গলবার ফের অর্জুন সিংকে ডেকে মমতা বোঝান। এবং অদ্যাবধি পরেই দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করে দেন।
তাতেই চটেছেন অর্জুন সিং। এরপর তিনি জানান, তাঁর কাছে অনেক দলের অফার রয়েছে। আর দিদি যখন ঘোষণা করে দিয়েছেন বারাকপুরের প্রার্থী নাম, তখন কী আর করার আছে। উল্লেখ্য, অর্জুন সিংকে বারাকপুর নির্বাচনের দায়িত্ব দিতে চেয়েছিলেন মমতা, কিন্তু অর্জুনের আপত্তিতে ঝাড়গ্রাম কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়।
এরপর কোচবিহারের পার্থপ্রতিম রায়কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পার্থকে এবার প্রার্থী করা হচ্ছে না। ও যদি আমাদের দলে থাকে, ওকে আমরা অন্যভাবে কাজে লাগাব। কারণ প্রার্থী হতে না পারলে অনেকেই তো দলবদল করে, সবাই করে না ঠিকই। পার্থর প্রতি আমার আশীর্বাদ রয়েছে, অনেক ভালোবাসা রয়েছে।
এরপর অবশ্য পার্থপ্রতিম জানিয়ে দেন, তিনি তৃণমূলের সৈনিক ছিলেন, আজও আছেন, ভবিষ্যতেও থাকবেন। দিদি যে দায়িত্ব দেবেন, সেই দায়িত্ব তিনি হাসিমুখে মেনে নেবেন। তিনি পরিষ্কারভাবেই জানিয়ে দেন, তাঁকে টিকিট দেওয়া হয়নি বলে তাঁর কোনও ক্ষোভ নেই। দলের জন্য, মানুষের জন্য তিনি কাজ করে যেতে চান।












Click it and Unblock the Notifications