Debangshu Attacks Suvendu: বিধানসভা ভোটে কত আসন পাবে বিজেপি? শুভেন্দু ১৮০-র টার্গেট দিতেই অঙ্ক কষলেন দেবাংশু
Debangshu Attacks Suvendu: বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি কর্মীদের ফের আসনের টার্গেট বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুকের সভা থেকে বিজেপি কর্মীদের ১৮০ আসনের টার্গেট বেঁধে দেন তিনি। আর এনিয়েই পাল্টা কটাক্ষ দেগেছে তৃণমূল। কুণাল ঘোষ থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য, নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে নিশানা করেছেন একের এক তৃণমূল নেতা।
ফেসবুকে দেবাংশু লেখেন, "২০০-র টার্গেট দিয়ে যারা ৭৭ পায়, ৩৫-এর টার্গেট দিয়ে যারা ১২ পায়, ১৮০-র টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে? ঐকিক নিয়মের অঙ্ক কী বলছে? ২০০-র ৭৭ হল প্রায় ৩৮ শতাংশ। ৩৫-এর ১২ হল ৩৪ শতাংশ। বিধানসভায় ট্র্যাক রেকর্ড ধরলে তারা সেট করা টার্গেটের ৩৮ শতাংশ হাসিল করতে পারে। সুতরাং, ১৮০-র ৩৮ শতাংশ হয় ৬৮-টি আসন। এবং লোকসভার ট্র্যাক রেকর্ড ধরলে ১৮০-র ৩৪ শতাংশ। অর্থাৎ ৬১টি আসন।"

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিরোধী দলের তকমাও হারাবে বলেও আক্রমণ দেবাংশু। বৃহস্পতিবার নিজেরই গড় পূর্ব মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, "এ রাজ্যের সনাতনীরা তখনই মুক্তি পাবেন, যখন মুখ্যমন্ত্রী প্রাক্তনী হবেন। তাই শপথ নিন, যেরকমভাবে এখান থেকে প্রধানমন্ত্রীকে দুটি লোকসভা দিয়েছেন আপনারা, সেরকমভাবেই বিধানসভায় দিতে হবে ১৮০টি আসন। তাহলেই মুখ্যমন্ত্রী করবেন পদত্যাগ আর এরাজ্যের হিন্দুরা শান্তিপূর্ণ ভাবে সবকটি হিন্দু অনুষ্ঠান, রীতিনীতি মেনে চলতে পারবেন।"
শুভেন্দুর ১৮০ আসনের টার্গেট শুনে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "লোকে টার্গেট বাড়ায়, এরা টার্গেট কমাচ্ছে।" প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ২০০ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহরা। শেষ পর্যন্ত ৭৭টি আসনে দৌড় থেমেছিল বিজেপির। ছাব্বিশের নির্বাচনের জন্য গত বছর দুই-তৃতীয়াংশের টার্গেট বেঁধে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার সেই টার্গেট ১৮০-তে বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী।
একুশের বিধানসভা ভোটে ২১৪ আসনে জয় পেয়েছিল তৃণমূল। এবারেও ভোটের প্রস্তুতিতে ময়দানে ঝাঁপিয়েছে তৃণমূল। এদিকে, বিধানসভায় ধর্মযুদ্ধে মেতেছে তৃণমূল বিজেপি। বাংলায় হিন্দুদের উপর অত্যাচার ও সনাতনীদের আক্রমণের অভিযোগে দিকে দিকে বিক্ষোভ করছে বিজেপি। বৃহস্পতিবার তমলুকের পর শুক্রবার রামপুরহাটে বিক্ষোভ কর্মসূচি শুভেন্দুর। রামপুরহাট মহকুমাশাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি।












Click it and Unblock the Notifications