বিজেপি করলে ব্যবসা বন্ধ, প্রাণনাশের হুমকি তৃণমূলের
বিজেপি করলে ব্যবসা করতে তো দেওয়া হবেই না, প্রাণনাশেরও হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই হুমকি।
বিজেপি করলে ব্যবসা করতে তো দেওয়া হবেই না, প্রাণনাশেরও হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই হুমকি। এলাকার দুই প্রভাবশালী তৃণমূল নেতার গলায় হুমকির সুর- 'বিজেপি করলে জ্যান্ত কেটে ফেলা হবে। শুধু তাই নয়, ব্যবসা, বাজারহাট সমস্ত কিছুই বন্ধ করে এলাকা ছাড়া করে দেওয়া হবে পরিবারকে।'
অভিযোগ, তৃণমূলের দুই প্রভাবশালী নেতা বিজেপির খেজুরি-১ ব্লক সভাপতি সুমন দাসের দোকানে চড়াও হন। বিজেপি করার 'অপরাধ'-এ দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। অভিযোগ, বিজেপিকর্মীর আরও বেশ কিছু গুমটি, দোকানঘর বন্ধ করে দেওয়া হয়েছে। খেজুররি হেঁড়িয়া বাজারে গত ৭ মে বিজেপির সভায় যাওয়ার অপরাধেই এই হামলা বলে অভিযোগ।

শুধু ব্যবসা ক্ষেত্রের উপরই হস্তক্ষেপ করা হয়েছে তা নয়, তৃণমূলের ব্লক সভাপতি সত্যরঞ্জন বেরা ও পূর্ত কর্মাধ্যক্ষ নীলাঞ্জন মাইতির নেতৃত্বে এলাকায় তাণ্ডব চালিয়ে বিজেপি-র ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়। তারপর তাদের দোকানে ঢুকে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। খেজুরি থানায় বিষয়টি নিয়ে অভিযোগ জানালে সুমন দাসের দোকান বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ।
ব্যবসায়ীরা সিসিটিভি ফুটেজ পেশ করেছে পুলিশের কাছে। লিখিত অভিযোগ জানানো হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications