ঘুষ না দেওয়ায় মহিলাকে ধর্ষণ নন্দীগ্রামের তৃণমূল নেতার, অভিযোগের পর গ্রেফতার
নন্দীগ্রামের এক তৃণমূল কংগ্রেস নেতাকে সোমবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
নন্দীগ্রামের এক তৃণমূল কংগ্রেস নেতাকে সোমবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। মধ্য ত্রিশের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এই নেতার বিরুদ্ধে। মহিলার অভিযোগ, ঘুষ দিতে না চাওয়ায় তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, দরিদ্রদের জন্য গৃহনির্মাণের প্রকল্পে ঋণ পেয়েছিলেন মহিলা। তার জন্য ঘুষ চেয়েছিল ওই তৃণমূল নেতা। তা না দেওয়াতেই ধর্ষণ করা হয়েছে মহিলাকে। অভিযুক্ত তৃণমূল নেতার নাম অসিত হাজরা।
সোমবার রাতে আত্মীয়ের বাড়ি থেকে অসিত হাজরাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অলোক রাজোরিয়া। বলা হয়েছে, ধর্ষণের ঘটনাটি ঘটেছে ৩০ সেপ্টেম্বর নন্দীগ্রামের আমদাবাদ এলাকায়। অভিযোগ দায়ের হয় ২ অক্টোবরে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরের দিন মেডিক্যাল টেস্ট হয় মহিলার। সেখানে ধর্ষণের প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়েছে। দুই সন্তানের মা ওই নিগৃহীতা মহিলার বয়ানও রেকর্ড করা হয়েছে।
ঘটনার দিন গ্রামে একজন মারা যাওয়ায় শেষকৃত্যে গ্রামের অধিকাংশ লোক চলে গিয়েছিলেন। সেই সুযোগে স্থানীয় ক্লাবে টেনে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ করা হয়। ইন্দিরা আবাস যোজনায় ৪০ হাজার টাকা ঋণ পান মহিলা। অভিযুক্ত অসিত হাজরা তার মধ্যে থেকে ১০ হাজার টাকা ঘুষ চান। তা না দেওয়াতেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
মহিলার বক্তব্য, অসিত হাজরাকে টাকা না দেওয়ায় তিনি সম্মানহানি করবেন বলে হুমকি দেন। ধর্ষণের পরে হুমকি দেন মুখ খুললে পুরো পরিবারকে মেরে ফেলা হবে। মহিলাকে মিথ্যা মামলায় ফাঁসানো হবে।












Click it and Unblock the Notifications