Kunal Ghosh: আরজি কর কাণ্ড নিয়ে দলের অন্দরেই মতভেদ, কুণাল ঘোষের মন্তব্যে প্রকট হচ্ছে দ্বন্দ্ব
আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে এবার শাসক দলের নেতারাই একর পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন। দলের অন্তরে যে এই ঘটনা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে সেটা ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে। রবিবার সকালে তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায় যে বার্তা দিয়েছেন তাতে বিতর্ক আরও বেড়েছে।
তারপরেই আবার তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ প্রকাশ্যেই সুখেন্দু শেখরকে এই মন্তব্য করা নিয়ে নিশানা করেছেন। পুলিশ কমিশনারকে গ্রেফতার করে জেরা করার কথা বলেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ। দলীয় সাংসদের এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন কুণাল ঘোষ।

আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে হত্যা করার ঘটনা নিয়ে শাসক দলের অন্দরই ক্রমশ চাপান উতোর তৈরি হচ্ছে। দলের অবস্থান নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করছে। একের পর এক নেতা সাংসদ আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন। প্রকাশ্যে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মন্তব্য করায় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয় শান্তনু সেনকে।
যদিও পদ থেকে সরার পরেও নিজের অবস্থান থেকে সরেননি শান্তনু সেন। উল্টে আরও বেশি করে আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন তিনি। আরজি কর হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে বিক্ষোভে সামিল হয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য আরজি কর হাসপাতালের প্রাক্তনী তিনি। সেখানের চিকিৎসক পদেও ছিলেন। তাঁর মেয়ে এখন সেই হাসপাতালে পড়াশোনা করেন। তাঁর মেয়েকও সন্দীপ ঘোষের কাছে হয়রানির শিকার হতে হয়েছিলেন। প্রকাশ্যেই সেই অভিযোগ করেছেন শান্তনু সেন।
তারপরে আবার সুখেন্দু শেখর রায় কলকাতা পুলিশ কমিশনারের ব্যর্থতা নিয়ে সরব হয়েছেন। তিনি রবিবার কলকাতা পুলিশ কমিশনার এবং সন্দীপ ঘোষের গ্রেফতারি দাবি করেছেন। তিনি লিখেছিলেন সিবিআইয়ের উচিত তাঁদের গ্রেফতার করে জেরা করা। কীভাবে ঘটনার তিন দিন পর পুলিশ কুকুর নিয়ে ঘটনাস্থলে যাওয়া হল, কেন ঘটনার পরের দিনই সেই জায়গায় সংস্কারের কাজ শুরু করা হল এই নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন তিনি।
কুণাল ঘোষ দলীয় নেতাদের প্রকাশ্যে এই সব মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, আরজি কর কাণ্ডের বিচার তিনিও চান তবে পুলিশ কমিশনারকে গ্রেফতারির দাবির বিরোধিতা করেছেন তিনি। বিনীত গোয়েলের পাশে দাঁড়িয়েছেন কার্যত কুণাল ঘোষ। তিনি বলেছেন ঘটনার তদন্তে যথেষ্ট তৎপরতা দেখিয়েছেন বিনীত গোয়েল। দলের একজন সিনিয়র নেতার এই ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications