অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচার স্থগিত রাখলেন! যাচ্ছেন না গোয়ায়
অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচার স্থগিত রাখলেন! যাচ্ছেন না গোয়ায়
একদিন আগেই তিনি নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ডহারবারে (DiamondHarbour) দলীয় কর্মসূচি স্থগিত রাখার কথা ঘোষণা করে বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে একই আবেদন করেছিলেন। এবার তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) গোয়ার রাজনৈতিক সফরও স্থগিত করে দিলেন।

আপাতত গোয়ায় যাচ্ছেন না অভিষেক
করোনার দাপট বাড়ছে সারা দেশে। সারা দেশে আক্রান্তের নিরিখে এখন দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গে। অন্যদিকে প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন গোয়াতেও। সেই পরিস্থিতিতে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর বাতিলের কথা জানা গিয়েছে। সূত্রের খবর, জানুয়ারিতে তিনি রাজ্যের বাইরে কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন না। পরিস্থিতির উন্নতি হলে, নতুন করে অন্য রাজ্য সফরের পরিকল্পনা করা হবে বলে জানা গিয়েছে।

৯ জানুয়ারি গোয়ায় গোয়ায় কথা ছিল
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়ায় যাওয়ার কথা ছিল ৯ জানুয়ারি। ভোটের প্রচারের জন্য এই সফরে সেখানে তিন দিন থাকার কথা ছিল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রাজ্যে ফেরার কথা ছিল ১২ জানুয়ারি। এবার গোয়ার বিধানসভা নির্বাচনকে যথেষ্টি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। সেদিকে লক্ষ্য রেখেই এই সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্রের খবর অনুযায়ী, অভিষেকের ওই সফরে তৃণমূলের তরফে বেশ কিছু ঘোষণার কথা ছিল। তৃণমূলের তরফে গোয়ার দায়িত্ব দেওয়া হয়েছে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া সফর করেছেন।

গোয়ায় নির্বাচন ১৪ মার্চ
শনিবার নির্বাচন কমিশনের তরফে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। সেখানে উত্তর প্রদেশে ৭ দফায়, মনিপুরে ২ দফায় এবং পঞ্জাব, উত্তরাখণ্ড এবং গোয়ায় ১ দফায় নির্বাচন করানো হবে। সে ক্ষেত্রে গোয়ায় ভোট হবে ১৪ ফেব্রুয়ারি। শনিবার নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে বিধিনিষেধও ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। বাতিল করা হয়েছে মিছিল। ভার্চুয়াল প্রচারের ওপরে জোর দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে।

২ মাস কর্মসূচি স্থগিতের কথা ঘোষণা করেছেন অভিষেক
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শনিবার প্রশাসনিক বৈঠক করেন। সেখানে জেলার পুলিশ সুপার এবং জেলাশাসক উপস্থিত ছিলেন। সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন, ফেব্রুয়ারির শেষ পর্যন্ত তিনি কিংবা তৃণমূল ডায়মন্ডহারবারে কোনও রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করবেন না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত। তিনি এব্যাপারে বিরোধী রাজনৈতিক দলগুলির কাছে একই সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ করেছেন। সেই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর স্থগিত রাখার সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications