TMC joining: তৃণমূলে ঘরওয়াপসির হিড়িক, বিজেপি-আইএসএফ ছেড়ে যোগদান প্রতিবাদ মঞ্চেই
তৃণমূলের প্রতিবাদ মঞ্চে যোগদানের হিড়িক পড়েছে। দক্ষিণ দিনাজপুরে বিজেপির গঙ্গারামপুরের বিধায়ক তৃণমূলের প্রতিবাদ মঞ্চে এসে কেন্দ্রের বঞ্চনার কথা স্বীকার করে গিয়েছিলেন। না, তিনি যোগ দেননি তৃণমূলে। তবে রাজারহাট ও চুঁচুড়ায় কিন্তু সরাসরি তৃণমূলে ঘরওয়াপসি হল।
পঞ্চায়েতে বোর্ড গঠনের আগে শাসক শিবিরে নাম লেখানোর হিড়িক পড়ে দেল এদিন!রবিবার কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে জেলায় জেলায় মঞ্চ বেঁধে সভার আয়োজন করেছিল তৃণমূল। সেই প্রতিবাদী মঞ্চে এসে তৃণমূলে যোগ দিলেন আইএসএফের জয়ী প্রার্থী। এই ঘটনাটি ঘটেছে রাজারহাটে।

রবিবার রাজারহাট নিউটাউন ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও মণিপুরে মহিলাদের ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে অবস্থান-বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিন আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দেন চাঁদপুর পঞ্চায়েতের জয়ী আইএসএফ প্রার্থী সাবিনা ইয়াসমিন।
এদিন সাবিনার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং দমদম সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রাজারহাট যেদিন আইএসএফের বিজয়ী প্রার্থী তৃণমূলে যোগ দিলেন, সেদিন তৃণমূলের ধরনা মঞ্চে ঘরওয়াপসি হল চুঁচুড়ার প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন মুখোপাধ্যায়ের স্ত্রী সুমা মুখোপাধ্যায়ের। চুঁচুড়া ঘড়িমোড়ে তৃণমূলের ধর্না ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ মঞ্চে উপস্থিত হয়ে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি।

এদিন তৃণমূলের ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুইন। তাঁদের হাত ধরেই প্রাক্তন বিধায়কের স্ত্রীর ঘরওয়াপসি হল। তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। বিজেপির মোহ ত্যাগ করে ঘরে ফিরে এলেন নেত্রী।
এদিন তৃণমূলের ধরনা মঞ্চে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। প্রথমে গঙ্গারামপুরে বিধায়ক সত্যেন রায় এলেন। তিনি তৃণমূলের ধরনা মঞ্চে উঠে বক্তব্য পেশ করলেন। তৃণমূলের সুরেই সুর মেলালেন। তাঁকে নিয়ে নানা জল্পনা শুরু হল। বিজেপির অস্বস্তি তো বাড়লই, পাশাপাশি শুরু হল দলবদল জল্পনা।
ফের এক বিধায়ক কি দলবদল করে তৃণমূলে ভিড়বেন? তা যদি হয়, তবে লোকসভা নির্বাচনের আগে বিজেপিক পক্ষে তা হবে বড়ো ধাক্কা। সত্যেন রায় এর আগেও তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা শুরু হয়েছিল। তখন অবশ্য তিনি তৃণমূলে যোগ দেননি, কিন্তু এদিন এমনভাবেই তিনি তৃণমূলের মঞ্চে এলেন, তাতে গুঞ্জন তো উঠবেই।












Click it and Unblock the Notifications