অনুব্রত-গড় দখলের টার্গেট শুভেন্দু-‘অনুগামী’দের, একুশের আগে সিঁদুরে মেঘ তৃণমূলে
অনুব্রত-গড় দখলের টার্গেট শুভেন্দু-‘অনুগামী’দের, একুশের আগে সিঁদুরে মেঘ তৃণমূলে
শুভেন্দু অধিকারী রাখঢাক করে চললেও তাঁর 'অনুগামী'রা কিন্তু কাউকেই রেয়াত করছেন না। পূর্ব মেদিনীপুর ছাড়িয়ে শুভেন্দু-'অনুগামী'দের হানা এবার শুরু হল অনুব্রত-গড় বীরভূমে। পূর্বে উত্তরবঙ্গে দেখা গিয়েছে শুভেন্দুর সমর্থনে পোস্টার, এবার রাঢ়বঙ্গেও সেই পোস্টার ছড়িয়ে পড়ল। শুভেন্দুর ছবি দিয়ে 'দাদার অনুগামী'দের পোস্টার।

তৃণমূলের নামগন্ধও থাকছে না শুভেন্দুর পোস্টারে
জেলায় জেলায় যে সমস্ত পোস্টার এখন শুভেন্দুর সমর্থনে পড়ছে, সেখানে একা শুভেন্দুর ছবি থাকছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যাচ্ছে না কোথাও। তারপর তৃণমূলের নামগন্ধও থাকছে না সেইসব পোস্টারে। ফলে নিত্যদিন জল্পনার পারদ চড়ছে। যখন শুভেন্দু ‘তৃণমূলেই আছি' বলে বার্তা দিচ্ছেন তখন তাঁর ‘অনুগামী'রা জল্পনা বাড়িয়েই চলেছেন।

অনুব্রত মণ্ডলের গড়ে পোস্টার হানা শুভেন্দু-‘অনুগামী’দের
এবার একদন পোস্টার হানা অনুব্রত মণ্ডলের গড়ে। অনুব্রত মণ্ডলের জেলায় বিরোধীরা মাথা তুলতে ভয় পেয়েছে সবসময়। কিন্তু শুভেন্দু অনুগামীদের কোনও ভয় নেই। তাঁরা শক্তি দেখিয়ে দিল অনুব্রত-গড়ে। বীরভূমে শুভেন্দুর সমর্থনে ‘আমরা দাদার পাশে আছি' পোস্টারে বিতর্ক তৈরি হয়েছে।

পোস্টার পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারের পাশেও
কয়েকদিন ধরেই এই ধরনের পোস্টারের রমরমা বাড়ছে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। এবার অনুব্রত গড়ে তা পড়ল, আবার পোস্টার পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারের পাশেও। কে বা কারা এই ধরনের পোস্টার দিচ্ছে, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। তৃণমূলের দাবি, এই কাজ বিজেপির। তৃণমূলের মধ্যে বিভাজন স্পষ্ট করতেই পরিকল্পিতভাবে এই কাজ করা হচ্ছে।

বিজেপি না তৃণমূল- কার কাজ শুভেন্দুর পোস্টার লাগানো
বিজেপির দাবি, এসব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আমরা দাদার অনুগামী বলে শুভেন্দু অধিকারীর ছবি ব্যবহার করবে কেন বিজেপি! তৃণমূলেরই একাংশ এই কাজ করছে। নিজেদের গন্ডগোল ঢাকতে এখন বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলাতেই এমন পোস্টার পড়ছে। শুভেন্দু অধিকারী নিজের শক্তি প্রদর্শন করছেন বলে অভিযোগ একাংশের।

তৃণমূল এখন সবকিছুতেই বিজেপির ভূত দেখছে! অভিযোগ
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল বিষযটি খতিয়ে দেখছেন। তিনি এখনও এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। তবে বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল সাফ জানিয়ে দিয়েছেন, তৃণমূল এখন সবকিছুতেই বিজেপির ভূত দেখছে। তৃণমূলের শেষের দিন শুরু হয়ে গিয়েছে। শীঘ্রই তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়বে।












Click it and Unblock the Notifications