নোট বাতিল ইস্যুকেই উপ-নির্বাচনের প্রচারে হাতিয়ার তৃণমূলের, বিলানো হল জল-বাতাসা
মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রচারে ঝড় তুলতে মন্তেশ্বর বিধানসভার এলাকার একাধিক ব্যাঙ্কের লাইনকেই বেছে নিল তৃণমূল। নানা জায়গায় ব্যাঙ্কের বাইরে জল-বাতাসাও বিলি করা হল।
বর্ধমান, ১৪ নভেম্বর : নোট-যন্ত্রণায় ব্যাঙ্কের লাইনের ভিড়কেই প্রচারে হাতিয়ার করল তৃণমূল কংগ্রেস। একেবারে অনুব্রত-মডেলে প্রচার চলল মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে।
নির্বাচনী প্রচারে ঝড় তুলতে মন্তেশ্বর বিধানসভার এলাকার একাধিক ব্যাঙ্কের লাইনকেই বেছে নিলেন তৃণমূল প্রার্থী। কোথাও প্রার্থী উপস্থিত হয়ে, কোথাও নেতা-কর্মীদের পাঠিয়ে গ্রাহকদের জল-বাতাসা বিলি করা হল। যদিও তৃণমূলের পক্ষে দাবি, প্রচার নয়, এই দুর্ভোগে মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের উদ্দেশ্য ছিল।

উপনির্বাচনের শেষ বেলার প্রচার চলছে জমজমাট। জনসংযোগ বাড়াতে তৃণমূল প্রার্থী সৈকত পাঁজার হয়ে প্রচারে তৃণমূল ঢাল করল ব্যাঙ্কের লাইনকেই।
টাকার জন্য সাধারণ গ্রাহকরা ব্যাঙ্কের সামনে দীর্ঘ প্রতীক্ষারত। সকাল বেরিয়ে সারাদিন কেটে যাচ্ছে বাঙ্কের লাইনে। আর সেই লাইনে দাঁড়ানো তৃষ্ণার্ত মানুষের মুখে তুলে দেওয়া হল জল-বাতাসা। একেবারে অনুব্রত-মডেলে প্রচার সেরে বাজিমাত করে দিলেন তৃণমূল প্রার্থী।
বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল লাইনে দাঁড়ানো ভোটারদের গুড় বাতসা আর জল খাইয়েছিলেন। সেই পদাঙ্ক অনুসরণ করল মন্তেশ্বর তৃণমূল। তাঁরা সাদা বাতাসা আর জল খাওয়ালেন গ্রাহকদের। মানবিক এই উদ্যোগে বিরোধীদের ১০ গোল দিয়ে দিল শাসকদল।
মন্তেশ্বর বিধানসভা এলাকার একাধিক ব্যাঙ্কে এদিন তৃণমূলের কর্মীদের এই উদ্যোগ চোখে পড়ল। কালনার ভাদুড়িপাড়ার স্টেট ব্যাঙ্ক, কালীনগরের ব্যাঙ্ক অফ বরোদা, বৈদ্যপুর মোড়ের ব্যাঙ্ক অফ বরোদা, পূর্বস্থলীর সমুদ্রগড় স্টেট ব্যাঙ্ক, মন্তেশ্বরের পিপলন, রাইগ্রামে কানাড়া ব্যাঙ্ক, মন্তেশ্বর, কুসুমগ্রামের স্টেট ব্যাঙ্ক- সর্বত্রই একই ছবি। জমজমাট প্রচার তৃণমূলের।
ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে হাঁফিয়ে যাওয়া মানুষগুলোও বাতাসা ও জল পেয়ে তৃষ্ণা নিবারণ করে তৃপ্ত। বাতাসা-জলের পাশাপাশি তৃণমূল প্রার্থী সৈকত পাঁজার পরিচয়পত্রও তুলে দেওয়া হয় গ্রাহকদের হাতে। একদিন আগেই শিলিগুড়িতে নোট পালটানোর লাইনে দাঁড়িয়ে থাকা তিতিবিরক্ত গ্রাহকদের চকোলেট বিলি করেছিল শাসকদল। সেই সূত্র মেনেই মন্তেশ্বরে প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী।












Click it and Unblock the Notifications