ফের ক্লিন সুইপের পথে তৃণমূল, পুরভোটের ফলে বিরোধী-সমীকরণে বদলের সম্ভাবনার আভাস
একুশের নির্বাচনের পর থেকে যে প্রবণতা তৈরি হয়েছে বাংলায়, এবার চার পুরনিগমের ভোটেও সেই একই প্রবণতা ধরা পড়েছে। ফের ক্লিন সুইপের পথে তৃণমূল। চারটি পুরনিগমের নির্বাচনেই বিপুল ব্যবধানে জিততে চলেছে তৃণমূল।
একুশের নির্বাচনের পর থেকে যে প্রবণতা তৈরি হয়েছে বাংলায়, এবার চার পুরনিগমের ভোটেও সেই একই প্রবণতা ধরা পড়েছে। ফের ক্লিন সুইপের পথে তৃণমূল। চারটি পুরনিগমের নির্বাচনেই বিপুল ব্যবধানে জিততে চলেছে তৃণমূল। বিরোধীরা প্রায় ধুয়ে-মুছে সাফ হতে চলেছে। বিজেপিকে টপকে বাম-কংগ্রেসের উত্থান ঘটতে চলেছে চার পুরনিগমেই। অন্তত প্রাথমিক ট্রেন্ডে তেমনই আভাস।

পুরসভা নির্বাচনের ফলাফলে ইভিএম খুলতেই দেখা গিয়েছে তৃণমূল এগিয়ে গিয়েছে একের পর এক ওয়ার্ডে। চারটি পুরসভাতেই একই ট্রেন্ড। চার পুর নিগমের মধ্যে সবথেকে উৎসাহ ছিল আসানসোল ও শিলিগুড়ি পুরসভার ফল নিয়ে। কারণ বিগত বিধানসভা ভোটের নিরিখে দুটি পুরসভাতেই এগিয়ে ছিল বিজেপি। কিন্তু ওই দুটি পুরসভাতেও তৃণমূলের কপালে উঠতে চলেছে বিজয়তিলক।
এখন পর্যন্ত বিধাননগর পুরসভার ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৯টিতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। একটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস আর একটি আসনে নির্দল প্রার্থী এগিয়ে রয়েছে। বিজেপি কার্যত ছবিতে নেই। বামেরা প্রাথমিক ট্রেন্ডে এগিয়েছিল একটি আসনে। কিন্তু সেই আসনে নির্দল প্রার্থী এগিয়ে গিয়েছে ফের। বিধাননগরে প্রত্যাশামতো এগিয়ে রয়েছেন সব্যসাচী দত্ত ও কৃষ্ণা চক্রবর্তী।
চন্দননগরে মোট ৩২টি ওয়ার্ড। তার মধ্যে ২০টি ওয়ার্ডের প্রবণতা জানা গিয়েছে এখন পর্যন্ত। ২০টির মধ্যে ১৯টিতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। একটি আসনে এগিয়ে বামফ্রন্ট। এদিন প্রাথমিকভাবে দুটি ওয়ার্ডে এগিয়েছিল বামফ্রন্ট। পরে ওই ওয়ার্ডটিতে পিছিয়ে পড়েন বামফ্রণ্ট প্রার্থী। এখানেও বিজেপি কার্যত দৃশ্যমান নয়।
আসানসোলে বিগত লোকসভা ও বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়েছিল বিজেপি। কিন্তু ২০২২-এর পুরভোটের ফলাফলে দেখা গিয়েছে বিজেপি এখানে পিছিয়ে পড়েছে। ১০৬টি ওয়ার্ডের মধ্যে ৫২টি ওয়ার্ডের ফলাফল প্রবণতা সামনে এসেছে। সেই ৫২টি ওয়ার্ডের মধ্যে ৫০টিতেই এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা। আর বিজেপি জয়ী হয়েছে এখন পর্যন্ত একটি আসনে। আর নির্দল এগিয়ে রয়েছে একটি আসনে। বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালী তিওয়ারি জয়ী হয়েছেন ২৭ নম্বর ওয়ার্ড থেকে।
Recommended Video
আর শিলিগুড়ি পুরসভা বামফ্রন্ট ও কংগ্রেস জোটের দখলে ছিল এ যাবৎকাল। বিগত লোকসভা ও বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশভাবে এগিয়েছিল বিজেপি। কিন্তু সেই সব প্রতিকূলতাকে ম্নান করে তৃণমূল শিলিগুড়ি পুরসভায় এগিয়ে গিয়েছেন। এই প্রথম শিলিগুড়ি পুরসভা জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩৪টির ফলাফল সামনে এসেছে। সেই প্রবণতায় দেখা যাচ্ছে, তৃণমূল ৩০টি ওয়ার্ডে এগিয়ে। বিজেপি দুটি আসনে এগিয়ে এবং বাম ও কংগ্রেস একটি করে আসনে এগিয়ে।












Click it and Unblock the Notifications