পার্থ হঠাৎ তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি, মহাসচিব পদ নিয়ে জল্পনা মমতার সিদ্ধান্তে
পার্থ হঠাৎ তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি, মহাসচিব পদ নিয়ে জল্পনা মমতার সিদ্ধান্তে
তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে সর্বভারতীয় ক্ষেত্রে কর্মসমিতি ও পদাধিকারী নিয়োগ করেছে। এবার বাংলায় রাজ্য কমিটি সাজানোর পালা। তার আগে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি করা হয়েছে। এর ফলে প্রশ্ন উঠে পড়েছে, তবে কি পার্থ চট্টোপাধ্যায়কে সর্বভারতীয় আলংকারিক পদ দিয়ে মহাসচিব পদে আনা হবে কোনও নতুন মুখকে? জল্পনা শুরু হয়েছে রাজ্যে।

জাতীয় কর্মসমিতির পদবিন্যাস
তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠকে চূড়ান্ত হয়েছে পদাধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ডেপুটি হিসেবে বেছে নিয়েছিলেন তিন সহসভাপতিকে। যশবন্ত সিনহা, সুব্রত বক্সি ও চন্দ্রিমা ভট্টাচার্যকে সহ সভাপতি করা হয়েছে তৃণমূলের। সাধারণ সম্পাদক করা হয়েছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন অরূপ বিশ্বাস এবং সমন্বয়ের দায়িত্বে ফিরহাদ হাকিম।

পার্থ চট্টোপাধ্যায়কে সহ সভাপতির দায়িত্ব
কিন্তু জাতীয় কর্মসমিতির বৈঠকের পরদিন ফের একটা সংযোজন হল তৃণমূলের সংগঠনে। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সহ সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হল। অর্থাৎ চার জন সহ সভাপতি হলেন তৃণমূল কংগ্রেসের। রাজনৈতিক মহল এই পরিবর্তনের পিছনে অন্য অঙ্ক রয়েছে বলে মনে করছে। রাজনৈতিক মহলের বিশ্বাস, রাজ্য কমিটি গড়ার আগে পার্থ চট্টোপাধ্যায়কে সহ সভাপতির দায়িত্ব দিয়ে দলের অন্দরে নতুন সমীকরণ গড়ার ইঙ্গিত দিলেন মমতা।

বড়সড় রদবদলের ভাবনা রাজ্য কমিটিতে
তৃণমূল কংগ্রেস খুব শীঘ্রই রাজ্য কমিটি ও রাজ্য সম্পাদকমণ্ডলী গড়ে তুলতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সুদক্ষ হাতে সেই কাজ করছেন। মূল সংগঠনেও তিনি যে এবার খানিক পরিবর্তন আনতে চলেছেন, তা সুস্পষ্ট। বড়সড় রদবদলের ভাবনা রয়েছে তাঁর। প্রথমে রাজ্য কমিটি, তারপর জেলা ও ব্লক কমিট গঠন করা হবে।

পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব পদে থাকবেন কি?
তৃণমূল নবীন-প্রবীণ ভারসাম্য রেখে জাতীয় কর্মসমিতিতে পদবণ্টন করেছে। পরে পার্থ চট্টোপাধ্যায়কেও আনা হয়েছে আলঙ্কারিক পদে। এর ফলে তৈরি হয়েছে জল্পনা। রাজ্য কমিটি কেমন হবে, সেখানে কে কোন পদে আসবে, পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব পদে থাকবেন কি না, কিংবা রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়েও নানা প্রশ্ন উঠছে।

তৃণমূল ২০২৪-এর লক্ষ্যে টিম বানাচ্ছে
এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ব্যস্ত ১০৮ পুরসভার প্রচারে। এই পুরসভা নির্বাচনের প্রচার পর্ব চালানোর পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্ব রাজ্য কমিটি তথা মূল ও শাখা সংগঠনের রদবদলের খসড়াও তৈরি করছে। পুরভোট-পর্ব মোটার পরেই নতুন রাজ্য কমিটি গঠনের কাজ গতি পাবে। তৃণমূল ২০২৪-এর লক্ষ্যে তৈরি করবে শক্তিশা্লী টিম।

নতুন টিম তৈরি করাই লক্ষ্য তৃণমূল সুপ্রিমোর
তৃণমূল স্থির করেছে, বুথভিত্তিক শংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। সেখানে কোনও খামিত রাখা চলবে না। রাজ্য সরকারের স্কিমগুলিকে যথাযথভাবে রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। এইসব মাথায় রেখেই ২০২৪-এর আগে নতুন টিম তৈরি করাই লক্ষ্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।












Click it and Unblock the Notifications