বিজেপিতে ভাঙন ধরিয়ে যোগদান তৃণমূলে, একুশে নির্বাচনের আগে দলবদলের হিড়িক হাওড়ায়
একুশে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন অব্যাহত। এবার হাওড়ার শ্যামপুরের বারগ্রামে শক্তিবৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের।
একুশে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন অব্যাহত। এবার হাওড়ার শ্যামপুরের বারগ্রামে শক্তিবৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের। বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের একমাত্র যে বুথ থেকে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল, সেই বুথেই বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূল কংগ্রেস শক্তি বাড়িয়ে নিল। শনিবার বারগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এই দলবদল হয়।

বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের নড়াইলে দলবদল
বারগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের নড়াইল থেকে প্রায় শ'খানেক কর্মী যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। বিজেপি নেতৃত্বের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তাঁরা তৃণমূলের পতাকা তুলে নেন। তৃণমূলের নীতি-আদর্শ মেনে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে ইচ্ছাপ্রকাশ করেন।

তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বিজেপিকর্মীরা
এদিন একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগদানকারীদের স্বাগত জানানো হয় তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসের পক্ষে শ্যামপুর দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার আলি মোল্লা, বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রণব ঘোষ, উপপ্রধান কুন্তল বেরার উপস্থিতিতে তাঁরা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।

বুথস্তরে সংগঠন বাড়ানোয় নজর তৃণমূলের
করোনার আবহেই তৃণমূল কংগ্রেস বিজেপি-সহ বিরোধী শিবির ভেঙে সাংগঠনিক শক্তি বাড়িয়ে চলেছে। বুথস্তরে সংগঠন বাড়ানোয় বিশেষ নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। শুক্রবারই মমতা বন্যোুথপাধ্যায় নির্দেশ দেন বুথস্তরে সংগঠন বৃদ্ধি করার। বুথে বুথে কর্মসূচি নিতে তিনি বিধায়কদের নির্দেশ দেন।

একুশে নির্বাচনের আগে শক্তি বাড়াচ্ছে তৃণমূল
এদিকে দক্ষিণ হাওড়ায় বিজেপি-কংগ্রেস শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দেন চার শতাধিক কর্মী। হাওড়ায় বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে দলের শক্তি বাড়ান মন্ত্রী তথা জেলা সভাপতি অরূপ রায়। ২০২১-এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে অনুষ্ঠিত হবে পুরসভা নির্বাচন। এই দুই নির্বাচনের আগে শক্তি বাড়াচ্ছে তৃণমূল।












Click it and Unblock the Notifications